ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করতে হলে ভোটারদের ফিঙ্গার প্রিন্ট (আঙুলের ছাপ) নেওয়া বাধ্যতামূলক করার সুপারিশ করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি।
মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপের পর এলডিপি সভাপতি অলি আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোটে ইভিএম ব্যবহারে আপত্তি নেই। তবে এর সঙ্গে ফিঙ্গার প্রিন্ট সনাক্তকরণ বাধ্যতামূলক করতে হবে। ফিঙ্গার প্রিন্ট ছাড়া ইভিএম ইউজলেস। তা না থাকলে ফলস ভোটারদের আটকানো যাবে না।"
কেউ যাতে ইভিএম-এর নামে অর্থ উপার্জনের সুযোগ না নেয় এবং জাতীয় সম্পদ যেন অপচয় না হয়, সে বিষয়ে কমিশনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বলে জানান অলি।
ইসির সংলাপে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহায়তায় ইভিএম ব্যবহারের প্রদর্শনীও দেখতেও আপত্তি জানান এই সাংসদ।
মঙ্গলবার সকাল সোয়া ১০টায় এলডিপির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে পাঁচ আলোচ্যসূচিতে ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের এই সংলাপ শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। এলডিপি সভাপতি নির্বাচনে সশস্ত্রবাহিনীর সম্পৃক্ততার সমালোচনা করে সেনাবাহিনীকে বিতর্কের ঊর্ধ্বে রাখার আহ্বান জানান।
অলি আহমদ বলেন, "আইন-শৃঙ্খলা রক্ষার নামে নির্বাচনে সেনাবাহনীকে সম্পৃক্ততা রাখা যাবে না। বিগত সময়ে নির্বাচনে তাদের ভোটকেন্দ্রের ২০০ গজের বাইরে রাখার কথা থাকলেও তা মানা হয়নি। এরা রাষ্ট্রসম্পদ, তাই এদেরকে বিতের্কর বাইরে রাখতে হবে।"
গণপ্রতিনিধিত্ব আইনের প্রস্তাবিত খসড়ায় ইভিএম ব্যবহার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্রবাহিনীকে অর্ন্তভুক্ত করার প্রস্তাব রেখেছে ইসি।
ইসিকে বিতর্কমুক্ত রেখে শক্তিশালী করতে সিইসি ও নির্বাচন কমিশনার নিয়োগে কমিশনের প্রস্তাবে সমর্থন জানান এলডিপি সভাপতি। এছাড়া ঢাকাসহ সব বিভাগীয় শহরে সংসদীয় আসন সংখ্যা বেঁধে দেওয়ার পক্ষে মত দেন তিনি।
জনসংখ্যার অনুপাতে আসন পুনর্বিন্যাস করতে গিয়ে কোনোভাবে যাতে মফস্বলের আসন সংখ্যা কমে না যায়- সে ব্যবস্থা নেওয়ার জন্য ইসির কাছে সুপারিশ করেন তিনি।
নির্বাচনী প্রচারের জন্য রাষ্ট্রীয় অনুদানের (প্রস্তাবিত জন তহবিল আইন) বরাদ্দের ক্ষেত্রে সব দলেরই সুযোগ রাখার আহ্বান জানান অলি।
"বিগত চারটি নির্বাচনের ফল বিবেচনায় নিয়ে তহবিল সরবরাহ করা উচিত। নতুন দলগুলোও যেনো বঞ্চিত না হয়।"
''ইভিএম নিয়ে এলডিপির ধারণা অস্বচ্ছ'
এলডিপির সঙ্গে মত বিনিময়ের পর সিইসি এটিএম শামসুল হুদা সাংবাদিকদের বলেন, বেশিরভাগ ক্ষেত্রে দলটি কমিশনের প্রস্তাব সমর্থন করলেও ইভিএম নিয়ে তাদের মধ্যে অস্বচ্ছতা রয়েছে।
"উনারা (এলডিপি) ইভিএম-টা পছন্দ করেননি। কিন্তু ফলস ভোটার ও নির্বাচনী সহিংসতা রোধেই আমাদের নিরন্তর প্রচেষ্টা। এ জন্যেই বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ফিঙ্গার প্রিন্ট নেওয়ার বিষয়টি অনেক প্রযুক্তি নির্ভর। সব দলের সঙ্গে আলোচনা করে উদ্যোগ নেওয়া হবে।"
রাজনৈতিক দলগুলোর সব সুপারিশ ইসি গ্রহণ করতে বাধ্য নয়-এমন মন্তব্য করে সিইসি বলেন, "তাদের মতামত নিচ্ছি। সে অনুযায়ী বিবেচনা করা হবে। অনেক দল রয়েছে-তাদের কথাও শুনতে হবে।"
'বিএনপির অংশগ্রহণ নিয়ে আশাবাদ'
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, বিগত নির্বাচনগুলো নিয়ে বিরোধী দল সব সময় কমিশনে এসেছে। বিএনপির সঙ্গে ইসির যোগাযোগ রয়েছে। তারা সংলাপে আসবে বলেই আশা করছে ইসি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সাংবাদিকদের জানান, তার দল নির্বাচন কমিশনের সংলাপে যোগ দেবে কি-না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
বিএনপিকে ১৩ জুন সংলাপে বসার আমন্ত্রণ জানিয়েছে ইসি।
এ বিষয়ে সিইসি বলেন, "আমরা মনে করি, তাদের আসা উচিত। আমাদের কোন কোন উদ্যোগকে তারা উদ্দেশ্যমূলক মনে করেন সেগুলো সংলাপে এসে বললেই হয়। আশা করি, তারা আসবেন।"
মঙ্গলবার বিকালে জাতীয় পার্টি-জেপির সঙ্গে ইসির সংলাপের সময় নির্ধারিত আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৪৩৫ ঘ.
bdnews24