ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঐতিহাসিক ৬ দফা দিবস মঙ্গলবার। ১৯৬৬ সালের ৭ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফার ভিত্তিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বায়ত্বশাসনের দাবি উত্থাপন করেন।
ওই দিনই ৬ দফা দাবি আদায়ে ঢাকাসহ সারা বাংলায় আওয়ামী লীগের ডাকে পালিত হয় হরতাল।
হরতালে ঢাকা, নারায়ণগঞ্জ ও টঙ্গীতে পাকিস্তানি বাহিনীর গুলিতে মনু মিয়া, সফিক ও শামসুল হকসহ কয়েকজন বাঙালি নিহত হন। স্বায়ত্তশাসনের দাবির এই আন্দোলনের পথ ধরেই আসে বাংলাদেশের স্বাধীনতা।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। আওয়ামী লীগ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করবে।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ প্রক্রিয়ায় ৬ দফাকে অন্যতম মাইলফলক হিসেবে অভিহিত করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
বাণীতে তিনি বলেন, "৬ দফা আন্দোলন আমাদেরকে বিদ্যমান গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় ও প্রাতিষ্ঠানিকীকরণে উদ্বুদ্ধ করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা জোগায়।"
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে দিনটিকে বাঙালির স্বাধিকার আন্দোলনের এক অবিস্মরণীয় দিন হিসেবে অ্যাখ্যায়িত করেছেন।
তিনি বলেন, ৭ জুনসহ সব গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের চেতনায় ঋদ্ধ হয়ে দেশের মানুষকে শোষণ ও বঞ্চনা থেকে মুক্ত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
১৯৬৬ সালের ৫ ফেব্র"য়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে স্বায়ত্ত্বশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ৬ দফা দাবি উত্থাপন করেন।
ওই বছরের ১ মার্চ ঢাকায় আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে বাঙালির মুক্তি ও স্বাধিকারের দাবি হিসেবে ৬ দফা ঘোষণা করেন বঙ্গবন্ধু।
৬ দফার মূল কথা ছিল- পাকিস্তানের একটি ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় সরকার প্রতিষ্ঠা করে প্রতিটি অঙ্গরাজ্যকে পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে।
ওই বছর ২১ ফেব্র"য়ারি আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এই ৬ দফা দাবি আদায়ে আন্দোলন কর্মসূচির প্রস্তাব উপস্থাপন করা হয়। এরপর বঙ্গবন্ধু ও তাজউদ্দিন আহমেদের ভূমিকাসহ এই ৬ দফা দাবিনামা একটি বুকলেট আকারে প্রকাশ করা হয়। ১৯৬৬ সালের ১৮ মার্চ আওয়ামী লীগের কাউন্সিলে সেই বুকলেট বিলি করা হয়।
বঙ্গবন্ধু ঘোষিত ৬ দফা দাবির মুখে পাকিস্তানের তৎকালীন সামরিক শাসক আইয়ুব খান বিচলিত হয়ে পড়েন। তিনি হুমকি দিয়ে বলেন, ৬ দফা নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্রের ভাষায় উত্তর দেওয়া হবে।
এদিকে ৬ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সমগ্র পূর্ববাংলা সফর করেন এবং ৬ দফাকে বাঙালির বাঁচার দাবি হিসেবে অভিহিত করেন।
বঙ্গবন্ধুর সঙ্গে তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, মিজানুর রহমান চৌধুরী, জহুর আহমদ চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী গণসংযোগে অংশ নেন। প্রতিটি জনসভায় বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করে। ফলে শাসকগোষ্ঠী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অন্যান্য নেতাদের বিভিন্নভাবে হয়রানি করে।
যশোর, ময়মনসিংহ ও সিলেটসহ আরো কয়েকটি স্থানে ৬ দফার প্রচারের সময় বঙ্গবন্ধু গ্রেপ্তার হন।
আওয়ামী লীগের কর্মসূচি
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু ভবন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করবে আওয়ামী লীগ। সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে দলটি।
এছাড়া বিকাল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা। এতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে ঐতিহাসিক ৬ দফা দিবস যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালনের জন্য দলের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২২৩৬ ঘ.
bdnews24