ফেনী, জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোমা বানানোর সময় ফেনীর ফুলগাজী উপজেলায় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আহত হন চারজন।
সোমবার ভোরে মুন্সিরহাট ইউনিয়নের জামমুড়া এলাকায় এ বিস্ফোরণে নিহত হন বাদশা (৩৮)। তিনি ফুলগাজী পৌর এলাকার উত্তর শিবপুরের শাহ আলমের ছেলে।
আহতদের মধ্যে আবু তাহের (৪০) নামের একজনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকিদের নাম জানা যায়নি। তাদের অজ্ঞাত স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আবু তাহের জানান। তাহের চট্টগ্রামের ভুজপুর থানার আব্দুল কাদেরের ছেলে।
পুলিশ নিহত বাদশার স্ত্রী মুন্নীকে ১২ বোতল ফেনসিডিলসহ আটক করেছে।
তাহেরের বরাত দিয়ে ফেনীর পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) পরিতোষ ঘোষ জানান, বাদশা ও তাহেরসহ পাঁচজন মুন্সিরহাট ইউনিয়নের জামমুড়ার কোনো একটি বাড়িতে রোববার রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত বোমা তৈরি করেন।
এরপর আকস্মিক বোমাগুলি বিষ্ফোরিত হলে সবাই মারাত্মক আহত হন। তাহের ও বাদশাকে কারা ফেনীর শহীদ শহীদুল্লাহ কায়সার (এসএসকে) রোডে উপশম হাসপাতালের সামনে এনে ফেলে যায় তারা জানেন না।
এসপি আরো বলেন, সোমবার বিকাল পর্যন্ত পুলিশের একাধিক দল ঘটনাস্থলের সন্ধানে ফুলগাজীর মুন্সীরহাট, জামমুড়া, উত্তর আনন্দপুরসহ বিভিন্ন গ্রামে তল্লাশি চালায়। তবে কোন বাড়িতে বা কোথায় বিষ্ফোরণ ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ কর্মকর্তা জানান, এ ঘটনায় বিষ্ফোরক ও মাদক আইনে ফেনী থানায় দুটি পৃথক মামলা হয়েছে।
মঙ্গলবার ফুলগাজীর পাঁচ ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনে নাশকতা সৃষ্টির জন্য কোনো পক্ষ বোমা বানাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশকে সতর্ক রাখা হয়েছে।
ফেনীর সহকারী পুলিশ সুপার মো. ইয়াকুব আলী মিয়া জানান, বাদশার স্ত্রী মুন্নি ফেনসিডিল ব্যবসায়ের সঙ্গে জড়িত। সোমবার দুপুরে তার ঘর থেকে ১২ বোতল ফেনসিডিল পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮২০ ঘ.
bdnews24