রংপুর, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে হরতাল চলাকালে পুলিশের ওপর হামলা, ভাংচুর, বোমাবাজি ও অগ্নিসংযোগসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে চারটি মামলা হয়েছে।
রোববার রাতে এই মামলা দায়ের করা হয়।
তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার দাবিতে দলের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির অংশ হিসাবে রংপুরে বিএনপি ও জামায়াতে ইসলামী রোববার এই হরতাল পালন করে।
কোতয়ালী থানার ওসি হায়দার আলী মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দলিল লেখক আনোয়ারুল ইসলাম তার মোটর সাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।
এছাড়া কোতয়ালী থানার উপ-পরিদর্শক আফওয়াদুদ ইসলাম বাদী হয়ে একটি, উপ-পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে একটি এবং মাহীগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
এসব মামলায় বেশ কয়েকজন বিএনপি নেতা-কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে জানান ওসি।
ওসি হায়দার আলী মোল্লা বলেন, হরতালের দিন এবং আগের দিন বিএনপি নেতা-কর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের ভিডিওচিত্র আমাদের কাছে আছে। এসব দেখে আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।
হরতালের দিন শহরের গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয় সংলগ্ন এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে পুলিশ অভিযোগ করেছে।
এছাড়া রংপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার রশিদুল হকসহ ১০ পুলিশ সদস্যকে আহত করার অভিযোগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/কেএমএস/১৮২৯ ঘ.
bdnews24