২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রহিমার মাথায় গুলি: দুটি তদন্ত কমিটি

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় র‌্যাবের গুলিতে রহিমা বেগম আহত হওয়ার ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 06:35 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

কিশোরগঞ্জ, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় র‌্যাবের গুলিতে রহিমা বেগম আহত হওয়ার ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। নারায়ণগঞ্জের র‌্যাব-১১ ক্যাম্পের অধিনায়ক গাজী মো. আহসানুল হক জানান, ঢাকায় র‌্যাবের প্রধান কার্যালয়ের উইং কমান্ডার জাকির হোসেন এবং র‌্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার আরমান চৌধুরীকে প্রধান করে রাববার এ দুটি কমিটি গঠন করা হয়েছে। দুই কমিটিতেই সদস্য সংখ্যা তিন। আগামী সাত দিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। শুক্রবার (৩ জুন) ভৈরব পৌর শহরের পঞ্চবটি এলাকার পুকুরপাড়ে র‌্যাবের মাদক উদ্ধার অভিযান চলাকালে মাথায় গুলিবিদ্ধ হন ছয় সন্তানের জননী রহিমা বেগম (৪০)। তার স্বজনদের অভিযোগ, র‌্যাব সদস্যরা রহিমার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। তবে র‌্যাবের দাবি, রহিমা র‌্যাবের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পিস্তল থেকে গুলি বেরিয়ে যায়। অস্ত্রোপাচারের পর রহিমা বেগম এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। র‌্যাব-১১ এর নারায়ণগঞ্জ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. মোফাক্খারুল ইসলাম শুক্রবার রাতে ভৈরব থানায় দুটি মামলা করেন। এর একটিতে রহিমার বিরুদ্ধে র‌্যাবের কাজে বাধাদান ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। অন্য মামলাটি করা হয়েছে মাদক আইনে। দুই মামলাতেই রহিমা বেগম ও ফারুকসহ অজ্ঞাতপরিচয় আরো ৪/৫ জনকে আসামি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/০০২২ ঘ.