ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোলার প্যানেলের দাম বেশি হওয়ায় অনেক কৃষক তা ব্যবহার করতে পারছেন না উল্লেখ করে এর দাম কমানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
রোববার রাতে পরিবেশ দিবসের এক অনুষ্ঠানে তিনি বলেন, সোলার প্যানেলের দাম না কমালে এই প্রযুক্তি কৃষির সার্বিক উন্নয়নে কাজে আসবে না।
রহিম আফেরোজের সামাজিক উদ্যোগ রুরাল সার্ভিসেস ফাউন্ডেন (আরএসএফ) মিরপুর ইনডোর স্টেডিয়ামে 'পরিবেশ উৎসব-২০১১ ও পুরস্কার বিতরণী' শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করে।
বৃষ্টির পানি সংরক্ষণ করে তা ব্যবহারের আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী অনুষ্ঠানে বলেন, "ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এ জন্য নতুন ভবন নির্মাণের সময় বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে। বৃষ্টির পানি এবং সূর্যের আলো ব্যবহার করে অনেক কিছুই করা সম্ভব।"
জমিতে কীটনাশক ব্যবহার না করে নতুন উদ্ভাবিত বিভিন্ন পদ্ধতি অবলম্বরের জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান মতিয়া চৌধুরী।
কৃষিজমি এবং পরিবেশ সংরক্ষণের জন্য জনসংখ্যা সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, জনসংখ্যা বেশি হওয়ায় কৃষিজমি সাবইকে কাজ দিতে পারছে না। এ জন্য বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে মানুষের চাকরির ব্যবস্থা করতে হবে।
আবাসন নির্মাতা প্রতিষ্ঠানগুলো রাজধানীর লেকগুলো দূষণ করছে বলেও অভিযোগ করেন তিনি।
অনুষ্ঠানে দেশের ৩০টি উপজেলা থেকে কুইজের মাধ্যমে বিজয়ী ৪৪৪ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করে আরএসএফ। পুরস্কার হিসেবে প্রত্যেককে দেওয়া হয় সাত হাজার টাকা, ক্রেস্ট ও সনদ। এছাড়া কুইেজে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৩০ জনকে দশ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।
জলবায়ু পরিবর্তন ও নবায়নযোগ্য শক্তি বিষয়ে আরএসএফ এই কুইজের আয়োজন করেছিল।
অন্যদের মধ্যে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার, বেসরকারি সংস্থা বেলার প্রধান নির্বাহী সৈয়দা রেজোয়ানা হাসান, ইডকলের নির্বাহী পরিচালক ইসলাম শরীফ, আরএসএফর চেয়ারম্যান নিয়াজ রহিম ও নির্বাহী পরিচালক মো. রুহুল কুদ্দুস অনুষ্ঠানে বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ছিল এ প্রতিযোগিতার মিডিয়া পার্টনার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/২২৪৪ ঘ.
bdnews24