২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরামপুরে নৈশ কোচ দুর্ঘটনা, আহত-৭

দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে দিনাজপুরের বিরামপুর উপজেলার বিজুল বাজারে একটি নৈশ কোচ রাস্তা থেকে ছিটকে গাছের সাথে ধাক্কা লেগে ৭ আরোহী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 03:11 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

দিনাজপুর, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে দিনাজপুরের বিরামপুর উপজেলার বিজুল বাজারে একটি নৈশ কোচ রাস্তা থেকে ছিটকে গাছের সাথে ধাক্কা লেগে ৭ আরোহী আহত হয়েছে। গাছের সাথে ধাক্কা লাগার পর গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে কোচটিতে আগুন ধরে যায়। আগুনে গাড়িটি পুড়ে গেছে। রোববার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীরা জানান, রোজিনা এন্টারপ্রাইজ পরিবহনের ঢাকা থেকে দিনাজপুরগামী নৈশ কোচটি বিজুল বাজারে রাস্তা থেকে ছিটকে পড়ে। গাড়ির যাত্রী আ. রহমান (২৫) জানান, চালক দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা সকলেই ধীরে চালানোর জন্য বললেও চালক তা কানে তোলেন নি। প্রত্যক্ষদর্শী বিজুল বাজারের পোল্ট্রি ব্যবসায়ী মো. ইনতাজ আলী (৪৫) জানান, গাড়িটি দ্রুত গতিতে একটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে থেমে যায়। প্রায় দশ মিনিট পর প্রচণ্ড শব্দে এর গ্যাস সিলিন্ডারে বিষ্ফোরণ ঘটে গাড়িতে আগুন ধরে যায়। ফুলবাড়ি থেকে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আতিয়ার রহমান জানান, নৈশকোচের চালক আনোয়ার ও সুপারভাইজার বেলালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে দিনাজপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৫১ ঘ.