২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল নিয়ে হাস্যরস হাসিনার

পরিবেশ দিবসে হরতাল ডাকায় বিরোধীদলীয় নেতাকে রসিকতাচ্ছলে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 07:34 AM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ দিবসে হরতাল ডাকায় বিরোধীদলীয় নেতাকে রসিকতাচ্ছলে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনি পরিবেশ দিবসের অনুষ্ঠানে বলেন, "হরতাল পরিবেশবান্ধব। গাড়ি-ঘোড়া নেই। ধুলো-বালু নেই, শব্দ নেই। এজন্য, আমি বিরোধীদলীয় নেতাকে অভিনন্দন জানাই। "তারা (বিরোধী দল) সমঝোতায় এলে মাসে একটা দিন হরতাল ডাকতে পারেন। সেদিন কোনো গাড়ি চলবে না, শুধু রিকশা চলবে। রিকশাচালকরাও কিছু বাড়তি আয় করতে পারবেন", বলেন তিনি। "তবে হরতালের নামে গাড়ি ভাংচুর, জ্বালাও-পোড়াও আর মানুষের গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া কখনোই কাম্য নয়", যোগ করেন প্রধানমন্ত্রী। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পরিকল্পনার প্রতিবাদে বিএনপি রোববার দিনব্যাপী হরতাল ডেকেছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির এ হরতাল 'অযৌক্তিক'। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে প্রস্তাব থাকলে তা সংসদে তুলে ধরতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি। হরতাল উপেক্ষা করে পরিবেশ দিবসের অনুষ্ঠানে যারা গিয়েছিলেন, তাদের ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৩২০ ঘ.