চট্টগ্রাম, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার দাবিতে ডাকা রোববারের হরতালের সমর্থনে চট্টগ্রাম নগরীতে মিছিল করেছে বিএনপি।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে থেকে মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসি হিলে গিয়ে শেষ হয়।
এর আগে বিকাল ৪টা থেকেই নগরীর থানা ও ওয়ার্ড শাখা বিএনপি নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল করে নাসিমন ভবনের সামনে এসে জড়ো হয়।
একই দাবিতে চার দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীও রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
মিছিলের আগে নাসিমন ভবন প্রাঙ্গণে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে তিনি রোববার সকাল থেকে রাস্তায় অবস্থান করে হরতাল সফল করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, হরতালে কঠিন অবস্থান নিয়ে ফ্যাসিবাদী হাসিনা সরকারের গদিতে নাড়া দিতে হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাযহারুল ইসলাম দোলন, নগর কমিটির সাধারণ সম্পাদক ডা.শাহাদাত, সহ-সভাপতি শামসুল আলম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/কেএমএস/২২১৮ ঘ.
bdnews24