রাজশাহী, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর তানোর উপজেলায় স্কুলছাত্রীর সম্ভ্রমহানির মামলায় অভিযুক্ত শিক্ষক মোখলেসুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার বেলা ১১টায় তানোর থানার মোড়ে একঘণ্টা এই মানববন্ধন চলে।
বুধবার ডা. আবু বক্কর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সাঞ্জিদা (১৪) আত্মহত্যা করে।
ওই স্কুলের প্রধান শিক্ষক শ্লীলতাহানি করায় সাঞ্জিদা আত্মহত্যা করে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই শিক্ষক পলাতক রয়েছেন।
বেসরকারি সংস্থা ব্রতীর সেতুবন্ধন প্রকল্প, গণগবেষক দল ও আদিবাসী সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা (আসাউস) এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে সাঞ্জিদার মা রশিদা বেগম, মামা আফাজ উদ্দিনসহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
এখান থেকে প্রধান শিক্ষক মোখলেসুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এই দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেওয়া হয়।
মাববন্ধনে সাঞ্জিদার মা অভিযোগ করেন, ঘটনার পর থেকে প্রধান শিক্ষকের ভাই চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
আরো বক্তব্য রাখেন- আসাউস'র নির্বাহী পরিচালক রাজকুমার সাঁও, গণগবেষক সমন্বয়কারী হানিফ মিয়া, সোহের রানা প্রমুখ।
গ্রীষ্মের ছুটি থাকলেও চাঁন্দুড়িয়া ডা. আবু বক্কর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান উপবৃত্তির ফরম পূরণের কথা বলে বুধবার (১ জুন) সাঞ্জিদাকে স্কুলে ডেকে পাঠান।
প্রায় একঘণ্টা ওই শিক্ষকের কক্ষে অবস্থানের পর বাড়ি ফিরে সাঞ্জিদা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সাঞ্জিদা জুড়ানপুর গ্রামের প্রয়াত বয়েন উদ্দিনের মেয়ে।
এ ঘটনায় সাঞ্জিদার মা ওইদিনই মেয়ের সম্ভ্রমহানির অভিযোগে মোখলেসুর রহমানের বিরুদ্ধে মামলা করেছেন।
তানোর থানার ওসি আজিজুল হক সরকার বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮৪৬ ঘ.
bdnews24