ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে পুকুরের পানিতে ডুবে দুই ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে মিরপুর পুলিশ কলোনিতে এ ঘটনা ঘটে।
কাফরুল থানার ওসি (তদন্ত) আবদুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃষ্টির মধ্যে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ইমরান হোসেন (৯), সাগর (৭) ও সিয়াম (৭) নামের তিন শিশু মারা যায়। এদের মধ্যে ইমরান ও সাগর দুই ভাই।
ওসি বলেন, ইমরান ও সাগরের বাবা নাসির উদ্দিন পুলিশ লাইনের পাচক। আর সিয়ামের বাবা হযরত আলী পুলিশের কনস্টবল।
তিনি জানান, পুকুর থেকে ওই তিন শিশুকে উদ্ধার করতে গিয়ে আমিনুল, ওসমান, ফারুক, ফজলুল ও শরিয়াতুল্লাহ নামের পাঁচজনের শ্বাসকষ্ট দেখা দিয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/জেকে/২১৪৩ ঘ.
bdnews24