ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলিতে পা হারানো কলেজ ছাত্র লিমন হোসেনের বিরুদ্ধে র্যাবের দায়ের করা দুটি মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে সমাবেশ হয়েছে।
শুক্রবার জাতীয় জাদুঘরের সামনে নাগরিক সমাজ নামে একটি সংগঠন ওই সমাবেশ করে।
ঝালকাঠীর রাজাপুর উপজেলার জমাদ্দারহাটে গত ২৩ মার্চ পায়ে গুলিবিদ্ধ হন লিমন। তার দাবি, র্যাব পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করেছিলো।
সমাবেশে সংগঠনের নেতারা বলেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতি শুক্রবার জাদুঘরের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।
চিকিৎসা শেষে লিমনের স্বাভাবিক জীবনে ফেরার ব্যবস্থা করা, তাকে ক্ষতিপূরণ দেওয়া এবং দোষীদের শাস্তির দাবি করেন তারা।
সংগঠনের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাসউদ ইমরান বলেন, সরকারকে দ্রুত এসব ব্যবস্থা নিতে হবে।
লিমনের মুক্তির দাবিতে শিক্ষক, লেখক, বুদ্ধিজীবী, ছাত্র-ছাত্রী, শ্রমিক, সাংস্কৃতিক কর্মী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিয়ে সংগঠনটি করা হয়েছে বলেও জানান তিনি।
অন্যদের মধ্যে অধ্যাপক আনু মোহাম্মদ, পিয়াস করিম, জোনায়েদ সাকি, শহিদুল আলম, জাফরুল্লাহ চৌধুরী সমাবেশে বক্তব্য রাখেন।
এ সময় জাহাঙ্গীরনগর থিয়েটার লিমনের গুলিবিদ্ধ হওয়া ও পা হারানোর প্রতিবাদ জানিয়ে 'একটি নন ফিকশন' নামে পথ নাটক মঞ্চস্থ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএইচ/এএল/২০৩৮ ঘ.
bdnews24