২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সলিসিটরের অবহেলা আইনমন্ত্রীর নজরে দিন: হাই কোর্ট

মামলার নথি নিয়ে সলিসিটরের দায়িত্বে অবহেলার বিষয়টি আইনমন্ত্রীর নজরে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 05:36 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মামলার নথি নিয়ে সলিসিটরের দায়িত্বে অবহেলার বিষয়টি আইনমন্ত্রীর নজরে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাই কোর্ট বেঞ্চ এ নির্দেশ দেয়। পাশাপাশি নথি যথাসময়ে না পাওয়া এবং নথি প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় উদ্বেগ প্রকাশ করে আদালত তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। আদালত বলেছে, এতে আদালতের সময় নষ্ট ছাড়াও মামলাজট সৃষ্টি হয় ও রাষ্ট্রের স্বার্থ রক্ষা হয় না। যার মাধ্যমে সলিসিটরের দায়িত্বে অবহেলা প্রকাশ পায়। ওই আদালতে গত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি পক্ষের নথি না পৌঁছানো এবং নথিতে প্রয়োজনীয় কাগজপত্র না থাকার ঘটনা ঘটে। এ প্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেয়। এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, শুধু সলিসিটর অফিস নয়, দেশের বিভিন্ন আদালত থেকে গুরুত্বপূর্ণ মামলার নথিপত্র যথাসময়ে এসে পৌঁছে না। এতে করে রাষ্ট্রীয় সম্পত্তিসহ অন্যান্য বিষয়ে জরুরি মামলা নষ্ট হয়ে যায়। "আমি ব্যক্তিগভাবে সলিসিটর অফিস রাখার পক্ষে নই। এক্ষেত্রে ওয়ান স্টপ সার্ভিস রাখা যেতে পারে। এ ছাড়া সরকারি মামলা নষ্ট হওয়ায় জড়িতদের বিরুদ্ধে জেল-জরিমানার বিধান করে বিধিমালা করা যেতে পারে।" এ বিষয়ে সলিসিটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, মামলার নথি ধরে রাখার অবকাশ নেই। রাষ্ট্রপক্ষের নথি না পাওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে জানানো হলে, আমরা তা পাঠিয়ে দিই। "ভুলক্রমে যদি থাকে, তা জানানো হলেও পদক্ষেপ নেওয়া হবে।" সরকার সম্পৃক্ত রয়েছে- এমন মামলার প্রয়োজনীয় নথি সংরক্ষণ এবং তা প্রয়োজনমতো অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে সরবরাহ করা সলিসিটর অফিসের মূল কাজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২৩৩৮ ঘ.