২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে খলিশাখালীতে ডাকাতি

পিরোজপুর পৌর এলাকার বড় খলিশাখালীতে চৌধুরী বাড়িতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 02:25 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

পিরোজপুর, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুর পৌর এলাকার বড় খলিশাখালীতে চৌধুরী বাড়িতে ডাকাতি হয়েছে। বুধবার দিবাগত রাতে ১৩-১৪ জনের সশস্ত্র ডাকাতদল ওই বাড়ির দালান ঘরের হলরুমের জানালার গ্রীল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে মূল্যবান মালামাল লুটে নেয়। পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ছরোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই বাড়িটি পৌরসভার সাবেক চেয়ারম্যান প্রয়াত আবু আলী আহম্মেদ চৌধুরীর। ডাকাতির সময় তার মেঝ ছেলে আইনুল চৌধুরী বাড়িতে ছিলেন। ডাকাতদল ঘরে ঢুকে আইনুল চৌধুরী ও বাড়ির তত্ত্বাবধায়ক হায়দারকে বেঁধে ফেলে। চাবি না পেয়ে তারা শাবল দিয়ে কাঠের ৬টি আলমারী ও ২টি সিন্দুক ভেঙ্গে ফেলে এবং স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ প্রায় ৬০ লাখ টাকার মালমাল লুটে নেয়। কাউন্সিলর ছরোয়ার হোসেন আরো জানান, চৌধুরী বাড়ি নিরাপদ মনে করে এলাকার প্রায় ৩৫টি সাধারণ পরিবার তাদের মুল্যবান জিনিষপত্র ওই বাড়িতে গচ্ছিত রাখত। চৌধুরীরা বনেদি ও অত্যন্ত ভালো মানুষ বলে এলাকায় সুনাম আছে। এই সুনাম বহু বছরের। এএসপি সার্কেল আকরামূল জানান, ডাকাতদের লুণ্ঠিত মালামালের মধ্যে ১০৩টি রৌপ্য মুদ্রা (কয়েন) রয়েছে। এ ব্যাপারে থানায় ডাকাতি মামলা হয়েছে। কাউন্সিলর ছরোয়ার জানান, এর আগে গত সোমবার রাতে লখাকাঠী এলাকায় পাঁচটি বাড়িতে ডাকাতি হয়। এই ৫ বাড়ি থেকে ডাকাতরা কয়েক লাখ টাকার মালামাল লুটে নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/২০২২ ঘ.