গাইবান্ধা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়ের আর মাত্র ৬ দিন বাকী। কিন্তু বিয়ের পিঁড়িতে বসা হলো না শাহিনুর খাতুনের।
বৃহস্পতিবার দুপুরে বান্ধবীদের সঙ্গে ঘাঘট নদীতে গোসল করতে নেমেছিলো সে। ঘাঘট কেড়ে নিয়েছে তার প্রাণ।
শাহিনুর (১৮) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পুরান লক্ষীপুর গ্রামের শাহআলম মিয়ার মেয়ে।
পার্শ্ববর্তী হামিন্দপুর গ্রামের নূরুন-নবী মিয়ার ছেলে মঞ্জু মিয়ার সাথে বুধবার তার বিয়ে হওয়ার কথা ছিলো।
সাদুল্লাপুর থানার ওসি হাসান ইনাম জানান, দুপুরে ৩/৪ জন বান্ধবীর সঙ্গে শাহিনুর বাড়ির পাশেই ঘাঘট নদীতে গোসল করতে যায়। এ সময় বান্ধবীর সঙ্গে বাজি ধরে সে পানিতে ডুব দেয়।
কিন্তু দীর্ঘ সময় তাকে উপরে ভেসে উঠতে না দেখে বান্ধবীরা চিৎকার শুরু করে। এসময় গ্রামের লোকজন এগিয়ে এসে খোঁজাখুজি শুরু করে।
প্রায় দেড় ঘণ্টা পর তার লাশ নদী থেকে উদ্ধার করা হয়।
এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৯৫৬ ঘ.
bdnews24