মহসীনুল করিম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন রোগ ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি থেকে হাস-মুরগি ও গবাদিপশুর খামারিদের সুরক্ষা দিতে দেশে প্রথমবারের মতো পশুবীমা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিগগিরই এ কার্যক্রম শুরু করা হবে।
"অ্যানথ্রাক্স ও বার্ড-ফ্লুর মতো রোগে গরু, ছাগল ও হাঁস-মুরগির মৃত্যু হচ্ছে। এতে খামারিরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হলেও সরকার তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে পারছে না। এ কারণেই পশুবীমা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।"
মন্ত্রী জানান, কোন কোন শর্তে বীমা হতে পারে এবং ক্ষতিপূরণের পরিমাণ কেমন হবে- সে বিষয়ে একটি নীতিমালা চূড়ান্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে।
প্রাথমিকভাবে রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান 'সাধারণ বীমা করপোরেশন' এ বীমা চালু করবে। পরে বেসরকারি বীমা কোম্পানিগুলোও এ খাতে বিনিয়োগের সুযোগ পাবে।
পশুবীমার আওতায় রোগ বা ঝড়-বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে বীমাকৃত পশু মারা গেলে তার মালিক আর্থিক সহায়তা পাবেন। এ ক্ষেত্রে পশুর দামের ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত সংশিষ্ট বীমা প্রতিষ্ঠান দেবে বলে মন্ত্রী জানান।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রায় এক বছর ধরে পশুবীমা চালুর পরিকল্পনা নিয়ে কাজ করছেন তারা। সরকারি-বেসরকারি বীমা প্রতিষ্ঠান ও বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে।
কৃৃষক, খামারি, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের বৈঠক করে পশুবীমার একটি খসড়া নীতিমালাও তৈরি করা হয়েছে। এ জন্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিবের (প্রাণিসম্পদ) নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয়। খসড়াটি চূড়ান্ত করার পর তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে কর্মকর্তারা জানান।
প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, এ বীমা চালু হলে গবাদি পশু ও হাঁস-মুরগির খামরিরা উপকৃত হবেন।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত গত সপ্তাহে বলেন, সরকার পরীক্ষামূলকভাবে পোলট্রি ও গবাদি পশুপালনের ক্ষেত্রে বীমা চালুর উদ্যোগ নিয়েছে। শস্য বীমা চালুরও একটি পরিকল্পনা রয়েছে। তবে এ বীমার ক্ষেত্রে এখনো কিছুটা জটিলতা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৭৪৬ ঘ.
bdnews24