সিরাজগঞ্জ, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় কড্ডা ট্রাফিক পুলিশ ফাঁড়ির সব সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
এদের মধ্যে দুই জন ট্রাফিক সার্জেন্ট ও তিন জন হাবিলদারসহ মোট সদস্য ১২ জন। ফাঁড়িটি বর্তমানে পুলিশ শূন্য।
নাম প্রকাশে অনিচ্ছুক এক হাবিলদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রায়গঞ্জ থানা পুলিশের এক অভিযোগের ভিত্তিতে রাজশাহী বিভাগীয় পুলিশের ডিআইজি কড্ডা পুলিশ ফাঁড়ির ট্রাফিক সার্জেন্ট মোফাখারুল ইসলাম ও সাইফুল ইসলামসহ ১২ জনকে সিরাজগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার করা আদেশ দেন।
অন্যদের নাম জানা যায়নি।
পুলিশ লাইনের রিজার্ভ ইন্সপেক্টর আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডিআইজির নির্দেশে ১ জুন থেকে কড্ডা ট্রাফিক ফাঁড়ির সব সদস্যকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
তবে কী অভিযোগের ভিত্তিতে তাদের প্রত্যাহার করা হয়েছে তা ওই নির্দেশে লেখা নেই বলে জানান আনোয়ার হোসেন।
ফাঁড়ির আওতাধীন বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম উদ্দিন জানান, ফাঁড়ির সব সদস্য প্রত্যাহার হওয়ার পর থেকে তারা মহাসড়কের কড্ডায় যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫২৬ ঘ.
bdnews24