২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে যুবলীগকর্মী হত্যা মামলায় ৫ জন রিমান্ডে

নাটোরে যুবলীগকর্মী আবু বক্কর ওরফে রাসু হত্যা মামলায় পাঁচ যুবলীগকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 08:22 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

নাটোর, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে যুবলীগকর্মী আবু বক্কর ওরফে রাসু হত্যা মামলায় পাঁচ যুবলীগকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ। ওদিকে রাসুকে হত্যায় ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আদালত পুলিশের উপ-পরিদর্শক (সিএসআই) ওয়াহেদ হোসেনের সাত দিনের আবেদনে বৃহস্পতিবার নাটোরের মুখ্য বিচারিক হাকিম মো. লিয়াকত আলী মোল্লা তিন দিন হেফাজত (রিমান্ড) মঞ্জুর করেন। পাঁচ যুবলীগকর্মী হলেন তৌহিদুল ইসলাম, সাজেদুল ইসলাম, উজ্জল হোসেন, রানা এবং সুমন। বুধবার রাতে রানা ও সুমনকে গ্রেপ্তার করা হয়। নাটোর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা হিফজুর আলম মুন্সি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুঠোফোনের বার্তা অনুসরণ করে রাজশাহী জেলার চারঘাট উপজেলার শ্রীমন্ডা গ্রামের এক বাড়ি থেকে সুমন ও রানাকে গ্রেপ্তার করা হয়। "রানার দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের কানাইখালি এলাকার 'আর্ট অব দ্য বাংলাদেশ' নামের একটি দোকান থেকে রাসুকে হত্যায় ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করা হয়।" রাসু হত্যা মামলা তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি। ২৩ মে রাতে শহরের কানাইখালি জেলেপাড়া এলাকা থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের ছেলে সোহেল সরকারের ঘনিষ্ঠ সহযোগী যুবলীগকর্মী আবু বক্করের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ২৬ মে তৌহিদুল, সাজেদুল ও উজ্জলকে গ্রেপ্তার করা হয়। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রেপ্তার হওয়া যুবকরা যুবলীগের মূল ধারার কেউ নয়। দল ক্ষমতায় আসার পর তারা যোগাযোগ শুরু করে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/আরএ/১৪১৪ ঘ.