২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ১৫টি পোশাক কারখানায় ভাংচুর

সাভারের আশুলিয়ায় প্রায় ১৫টি কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে কর্তৃপক্ষ এসব কারখানায় ছুটি ঘোষণা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 07:06 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

সাভার, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় প্রায় ১৫টি কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে কর্তৃপক্ষ এসব কারখানায় ছুটি ঘোষণা করে। বৃহস্পতিবার সকালে আশুলিয়ার জিরাব রোডের ঘোষবাগ এলাকায় গেঞ্জি তৈরির কারখানা 'হরিজন ফ্যাশন ওয়্যার লিমিটেড' থেকে এ অসন্তোষের সূত্রপাত ঘটে বলে পুলিশ জানিয়েছে। শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার 'হরিজন ফ্যাশন ওয়্যার লিমিটেড' কারখানা কর্তৃপক্ষের সঙ্গে উপ-মহাব্যবস্থাপক মো. মাসুদ ও সহকারী ব্যবস্থাপক (উৎপাদন) কামাল হোসেনের বাক-বিতণ্ডা হয়। বৃহস্পতিবার সকালে ৪০০ শ্রমিক কারখানায় এসে জানতে পারে ওই দুই কর্মকর্তা অফিসে আসেনি। কারখানা কর্তৃপক্ষ ওই দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে বলে শ্রমিকরা জানতে পারে। এরপর বেলা সাড়ে ৯টার দিকে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে উঠে। তারা ইটপাটকেল নিক্ষেপ করে কারখানার গ্লাস ভাংচুর করে। শ্রমিকরা কারখানার ভেতরে মিছিল করে দুই কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের দাবি জানায়। উপ-পরিচালক জানান, এক পর্যায়ে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে পরে জিরাব সড়কে। বিক্ষুব্ধ শ্রমিকরা ঘোষবাগ, জিরাবসহ ওই সড়কের পাশে থাকা ১৪/১৫টি কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে গ্লাস ভাংচুর করে বলে দাবি করেন শিল্প পুলিশ কর্মকর্তা। এসময় আশপাশের কারখানাগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পরে। অবস্থা বেগতিক দেখে ওই কারখানাগুলো এক দিনের জন্য ছুটি ঘোষণা করে। পরে পুলিশ, র‌্যাব ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছুটি হওয়া কারখানাগুলোর মধ্যে কয়েকটি হচ্ছে- হরিজন ফ্যাশন ওয়্যার লিমিটেড, ম্যাকপাই সোয়ের্টার লিমিটেড, হ্যাচন কোরিয়া গামের্ন্টস, এজাক্স সোয়ের্টাস লিমিটেড, জেড বিডি ইন্টারন্যাশনাল, সাওর্দান ফ্যাশনস লিমিটেড, মাসকট গ্র"প, আইরিশ ফ্যাশনস, অরুনিমা স্পোর্টস ওয়্যার লিমিটেড, এ্যাকটিভ কম্পোজিট লিমিটেড। মাসকট গ্র"পের নিরাপত্তা কর্মকর্তা মঞ্জু মিয়া জানান, সকালে শ্রমিকরা কারখানায় কাজ করছিলো। এমন সময় হঠাৎ করেই বাইরে একদল শ্রমিক এসে বিক্ষোভ করতে থাকে এবং কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে আতঙ্কে কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়। অরুণিমা স্পোর্টস লিমিটেড-এর প্রশাসনিক কর্মকর্তা সোহরাব উদ্দিন জানান, বাইরের শ্রমিকদের ইট-পাটকেল নিক্ষেপে কয়েকজন নিরাপত্তা কর্মী সামান্য আহত হয়েছে। পরে তারা কারখানা ছুটি দিয়ে দেন বলে জানান সোহরাব। আইরিশ ফ্যাশন লিমিটেড-এর শ্রমিক ইলিয়াস হোসেন জানান, সকালে বাইরে একদল শ্রমিক এসে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। পরে তারা ঢিল দিয়ে জানালার কাঁচ ভাংচুর করে। আতঙ্কে কারখানা কর্তৃপক্ষ ছুটি দিয়ে দেয় বলে জানান ইলিয়াস। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কাউকে গ্রেপ্তার করা যায়নি। কোনো কারখানা কর্তৃপক্ষ অভিযোগ দেয়নি বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৩০০ ঘ.