২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ পাচার রায় পুনর্বিবেচনায় তারেকের আবেদন খারিজ

অর্থ পাচারের মামলার বিষয়ে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনায় তারেক রহমানের আবেদন খারিজ হয়ে গেছে। ফলে ২০০৯ সালের অর্থপাচার আইনে মামলাটি চলতে বাধা নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 03:59 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ পাচারের মামলার বিষয়ে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনায় তারেক রহমানের আবেদন খারিজ হয়ে গেছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার 'ডিসমিসড' উচ্চারণের মাধ্যমে এক শব্দে আবেদনটি খারিজ করে দেয়। গত ৯ ফেব্র"য়ারি আপিল বিভাগের এক রায়ে বলা হয়, তারেকের বিরুদ্ধে অর্থ পাচারের মামলাটি ২০০৯ সালের আইনের পরিবর্তে ২০০২ সালের আইনে চলতে পারে। ওই রায় 'অস্পষ্ট' দাবি করে ২ মে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেকের পক্ষ থেকে তা পুনর্বিবেচনার আবেদন করা হয়। পুনর্বিবেচনার আদেশ খারিজ হওয়ায় মামলাটি ২০০২ সালের অর্থ পাচার (মানি লন্ডারিং) আইনে চলবে কি না- জানতে চাওয়া হলে তারেকের আইনজীবী আহসানুল করিম সাংবাদিকদের বলেন, "রায়ের কপি হাতে পাওয়ার পর বিষয়টি আমরা বুঝতে পারবো।" তবে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী আনিসুল হক বলেন, "রিভিউ পিটিশন খারিজ হওয়ায় লিভ টু আপিল পিটিশন খারিজে সুপ্রিম কোর্টের আদেশ বহাল রইলো। এখন বিচারিক আদালতে এ মামলার বিচারে আপাতত কোনো প্রতিবন্ধকতা নেই।" "পুনর্বিবেচনার আবেদন খারিজের মানে দাঁড়ায়, ২০০২ সালের অর্থ পাচার প্রতিরোধ আইন অনুযায়ী তারেকের বিরুদ্ধে অভিযোগ অপরাধ হিসাবে গণ্য হবে এবং ২০০৯ সালের অর্থ পাচার প্রতিরোধ আইন অনুযায়ী মামলার কার্যক্রম চলবে।" ২০০৯ সালের ২৬ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. ইব্রাহিম বাদি হয়ে খালেদা জিয়ার বড় ছেলে তারেক ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে এ মামলা করেন। ওই বছরের ৬ জুলাই তারেক ও মামুনের বিরুদ্ধ অভিযোগপত্র দেওয়া হয়। এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করলে হাইকোর্ট তা খারিজ করে। এরপর আপিল বিভাগে আপিলের আবেদন হলে তাও খারিজ হয়। এরপরই রায় পুনর্বিবেচনার আবেদন করেন তারেক। তারেকের আইনজীবী আহসান বলেন, বিদেশের এক ব্যাংকে গিয়াস উদ্দিন মামুনের অ্যাকাউন্টে ইস্যু করা সাপ্লিমেন্টারি ক্রেডিট কার্ড ব্যবহারের কারণে তারেককে এ মামলায় আসামি করা হয়েছে। তারেকের আইনজীবী মাহবুবউদ্দিন খোকন বলেন, নিু আদালতে দুদকের দায়ের করা মামলার এজাহারের কোথাও তারেক রহমান অর্থ পাচার করেছেন- এ কথাটি নেই। তার বিরুদ্ধে একমাত্র অভিযোগ অন্য ব্যক্তির সাপ্লিমেন্টারি ক্রেডিট কার্ড ব্যবহারের। বাংলাদেশের আইন অনুযায়ী এটা কোনো অপরাধ নয়। "বিদেশ থেকে অর্থ আনলে বা বিদেশে টাকা পাঠালে অর্থ পাচার মামলা করা যায়। তারেক রহমান এর কোনোটি করেননি। যদি অর্থ পাচার হয়, তবে অ্যাকাউন্ট হোল্ডার দায়ী। তারেক রহমান নন", বলেন তিনি। শুনানিতে তারেকের আইনজীবীদের যুক্তি ছিলো, পরে পাস হওয়া আইনে আগের ঘটনার বিচার চলতে পারে না; যদিও আদালত তা গ্রহণ করেনি। "বিচারের পদ্ধতিতে আইনের ভুতাপেক্ষ (পূর্বের অপরাধের বিচারে পরবর্তী আইনের প্রয়োগ) প্রয়োগ হতে পারে", বলেন দুদকের আইনজীবী আনিসুল হক। রায় পুনর্বিবেচনার আবেদনের কারণ ব্যাখ্যা করে আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, "২০০৭ সালের ২০৭, ২০৮ ও ২১৭ নম্বর অধ্যাদেশ পরবর্তী সংসদের প্রথম ৩০ দিনে উপস্থাপিত হলেও পাস হয়নি। অথচ সুপ্রিম কোর্টের রায়ে তারেকের মামলার ক্ষেত্রে এ সব অধ্যদেশকে গ্রহণযোগ্য করে রায় দেওয়ায় তাতে অবধারিত ভুল হয়েছে। যা সংশোধন হওয়া প্রয়োজন।" তারা আরো বলেছিলেন, ২০০২ সালের আইনে মামলা করার ক্ষমতা দুর্নীতি দমন কমিশনের (দুদক) নেই। এই এখতিয়ার শুধু বাংলাদেশ ব্যাংকের। অথচ এর বাদি হিসাবে রয়েছে দুদক। তাই মামলাটি কীভাবে চলবে- সে বিষয়ে রায়ে কিছু বলা হয়নি। তবে তারেকের আইনজীবীদের বক্তব্যের বিরোধিতা করে দুদকের আইনজীবী আনিসুল হক সাংবাদিকদের বলেন, "শুনানিতে আমরা বিষদভাবে রায়ের পর্যালোচনা করে দেখিয়েছি, রায়ে ২০০৭ সালের ৭ অধ্যাদেশের কথা উল্লেখ থাকলেও ৮ এবং ১৭ এর কথা উল্লেখ নেই। ওই অধ্যাদেশের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের ২০০৪ সালের শিডিউলে ২০০২ সালের অর্থ পাচার প্রতিরোধ আইনকে যুক্ত করে দেওয়া হয়েছে।" দুদকের এর মামলায় অভিযোগ করা হয়, তারেক ও মামুন ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন উপায়ে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা সিঙ্গাপুরে পাচার করেছেন। টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্র"তি দিয়ে নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের মালিক খাদিজা ইসলামের কাছ থেকে মামুন এ অর্থ নেন বলে এজাহারে বলা হয়। এতে বলা হয়, সিঙ্গাপুরে বসে লেনদেন হওয়ার পর সিটি ব্যাংক এনএ'র ক্যাপিটাল স্ট্রিট শাখায় মামুনের ব্যাংক হিসাবে ৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় পাঁচ কোটি ১৭ লাখ টাকা) জমা করা হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে জরুরি অবস্থা জারির পর ২০০৭ সালের ৭ মার্চ তারেককে গ্রেপ্তার করা হয়। ডজন খানেক মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ওই বছরের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর থেকে তিনি সেখানেই রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১১৪৫ ঘ.