নারায়ণগঞ্জ, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ডাকাতের ছুরিতে বাবুল মিয়া (৩৫) নামের এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে বন্দর উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়কের লক্ষণখোলা তালতলা এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে গুরুত আহত হয় বাবুল। নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মুত্যু হয়।
নিহত বাবুল মিয়ার বাড়ি রাজশাহীর শাহ মকুম থানার ভায়া গ্রামে।
নারায়ণগঞ্জের বন্দর থানার উপ পরিদর্শক বিনয় কৃষ্ণ কর জানান, রাজশাহী শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সিমেন্ট নিতে নারায়ণগঞ্জে আকিজ সিমেন্ট ফ্যাক্টরিতে আসছিল ট্রাকটি। মঙ্গলবার রাত ১টায় তালতলা এলাকায় পৌঁছালে ডাকাতরা রাস্তার ওপর গাছের গুড়ি ফেলে ট্রাকটি থামায়। চালক সোহেল ও হেলপার বাবুল মিয়াকে অস্ত্রের ভয় দেখিয়ে ট্রাকের চাবি কেড়ে নেওয়ার চেষ্টা করে তারা। এ নিয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে বাবুলকে ছুরি মারে এক ডাকাত।
বিনয় কৃষ্ণ জানান, ডাকাতরা বাবুলের সঙ্গে থাকা ১২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন সেট লুটে নেয়। এ সময় চালক সোহেল চিৎকার করলে ডাকাতরা একটি মাইক্রোবাসে করে পালিয়ে যায়।
গুরুতর আহত বাবুল মিয়াকে গভীর রাতে নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০০৪৬ ঘ.
bdnews24