দিনাজপুর, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্ত জিগাগাড়ি গ্রামে পানি ঢোকায় ১৫/১৬টি পরিবারকে সরে যেতে হয়েছে।
এর আগে বুধবার সকালে ৪/৫টি কাঁচা ঘর ভেঙে পড়েছে। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
গ্রামের জীবন ও সম্পদ রক্ষা কমিটির সদস্য হাসান আলী বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, গত ২/৩ দিন ধরে খনি এলাকায় জিগাগাড়ি গ্রামের উত্তরের কিছু অংশে পানি ঢুকতে শুরু করে।
সকালে ৪/৫ টি ঘর ভেঙে পড়েছে। এ কারণে ১৫/১৬টি পরিবার ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে।
পরিবার পরিজন নিয়ে বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে গেছেন- মাহাবুবুর রহমান, তপসের আলী, মতিয়ার রহমান, আব্দুর রহমান, ইলিয়াস আলী, আনোয়ার হোসেন, আজগর আলী, সাদেক, মোজাফ্ফর, আব্দুর রাজ্জাক, আব্দুর সাত্তার, বাচ্চু, হাফিজুর রহমান, গুলজার আলী, তোফাজ্জল হোসেন মাষ্টার, রফিকুল।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিযোগ, বিষয়টি কয়লা খনি কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সহযোগিতা পাওয়া যায়নি।
এ ব্যাপারে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা লোক পাঠিয়েছিলাম, কিন্তু গ্রামের লোকজন তাদের সেখানে যেতে বাধা দেয়। ক্ষতির কথা ভেবেই সরকার ক্ষতিপূরণ দিতে প্যাকেজ ঘোষণা করেছে।"
গ্রামবাসীর অসহযোগিতার কারণে প্যাকেজ বাস্তবায়ন বিলম্বিত হচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি আরো জানান, ইতোপুর্বে দিনাজপুর জেলা প্রশাসন এক মাসের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে। বিষয়টি জেলা প্রশাসনের অধীনে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩১ ঘ.
bdnews24