গাজীপুর, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরে একটি পোশাক কারখানায় শ্রমিকরা কর্মবিরতি, বিক্ষোভ ও ভাংচুর করেছে। এ সময় একজন কর্মকর্তাও তাদের হাতে লাঞ্ছিত হন।
ঘটনার পর কারখানায় কর্তৃপক্ষ বৃহস্পতিবার ও শুক্রবার ছুটি ঘোষণা করে।
বুধবার শ্রীপুর উপজেলার বৈরাগীর চালা এলাকার ক্রিস্টাল ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ প্রা. লিমিটেডে এ ঘটনা ঘটে।
পরে শ্রীপুর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রীপুর থানার ওসি নাজমুল হক ভূঁইয়া জানান, কর্তৃপক্ষ মজুরি বাড়ানোর দাবি না মানায় সকালে ক্রিস্টালের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করে।
এ সময় কারখানার ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম কাজে যোগ দিতে বললে শ্রমিকরা তাকে লাঞ্ছিত করে এবং কারখানার ভেতরে কয়েকটি কম্পিউটার ভাংচুর ও আসবাবপত্র তছনছ করে।
পরে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে শান্ত করে। কারখানার মালিক বিদেশ থেকে দেশে ফিরলে শনিবার তাদের দাবি নিয়ে আলোচনা করার আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়।
পরে কারখানা ছুটি ঘোষণা করলে তারা দুপুরে বাড়ি চলে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৯ ঘ.
bdnews24