ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি চার ঘণ্টা অপেক্ষা করেও ঝালকাঠীর লিমন হোসেনের চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন পায়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রধান বরিশাল বিভাগীয় অতিরিক্ত কমিশনার শওকত আকবর বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লিমনের বর্তমান অবস্থা এবং চিকিৎসা সংক্রান্ত কাগজ দেওয়ার কথা বলে আমাকে প্রায় চারঘণ্টা বসিয়ে রাখা হয়। এর পর তা না পেয়ে চলে আসতে বাধ্য হই।"
"এ জন্য তদন্ত প্রতিবেদন দিতে কোনো সমস্যা হবে না। তবে তদন্ত প্রতিবেদনে হাসপাতালের অসহযোগিতার কথা উল্লেখ থাকবে।"
তিনি জানান, প্রতিবেদন বৃহস্পতিবার জমা দেওয়ার শেষ সময় থাকলেও বরিশালের বিভাগীয় কমিশনার ছুটিতে থাকায় তিনি ঢাকায় আসতে পারছেন না। তবে পরবর্তী সপ্তাহের শুরুতে প্রতিবেদন জমা দেওয়ার আশা রাখেন।
শওকত আকবর মঙ্গলবার রাজধানীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন লিমনের সংশ্লিষ্ট চিকিৎসক সহযোগী অধ্যাপক মো. মোফাখ্খারুল বারীর সঙ্গে কথা বলেন। তার জবানবন্দিও রেকর্ড করেন। তবে তিনি লিমনের চিকিৎসা সংক্রান্ত কোনো কাগজ পাননি।
কমিটি প্রধান ওইদিন বারীকে বলেছিলেন, লিমনের চিকিৎসা এবং বর্তমান অবস্থা সংক্রান্ত কাগজ প্রস্তুত রাখার জন্য তিনি আগেই পঙ্গু হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি চিঠি দিয়েছেন।
সেসময় বারী সাংবাদিকদের সামনেই কমিটি প্রধানকে বলেছিলেন, তিনি এ ধরণের কোন চিঠি পাননি। তবে প্রয়োজন হলে কাগজ দেবেন।
তদন্ত কমিটি প্রধান বুধবার সকাল ১০টার দিকে আবার পঙ্গু হাসপাতালে যান। তিনি লিমনের সঙ্গে কথা বলে কিছু তথ্য রেকর্ড করেন। পরে তিনি সেখান থেকে হাসপাতালে পরিচালকের কক্ষে যান।
শওকত আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লিমনের চিকিৎসা এবং বর্তমান শারীরিক অবস্থা সংক্রান্ত কাগজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চাওয়া হয়।
"পরিচালক রিজভী আহমেদ কাগজ দিচ্ছি বলে অফিসের শেষ সময় (দুপুর আড়াইটা) পর্যন্ত বসিয়ে রাখেন। একসময় পরিচালক নিজেই তার কক্ষ থেকে থেকে বের হয়ে যান। পরে কাগজ না পেয়ে আমি চলে আসি।"
শওকত জানান, পরে সন্ধ্যা পর্যন্ত হাসপাতাল থেকে তাকে আর এ ব্যাপারে কেউ টেলিফোন করেনি বা কাগজ পৌঁছে দেয়নি।
এ ব্যাপারে রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লিমনের চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়া ব্যাপারে কোনো সমস্যা নেই। তবে যতটুকু জেনেছি যিনি প্রতিবেদনে সাক্ষর করবেন তিনি ছুটিতে। এজন্য তাকে যথা সময়ে প্রতিবেদন দেওয়া সম্ভব হয়নি।
"তবে এখন (রাত ৯টা ১৫ মিনিট) প্রতিবেদন প্রস্তুত। তদন্ত কমিটির পক্ষ থেকে কেউ না আসলে হাসপাতালের পক্ষ থেকে তদন্ত কমিটির কাছে তা পৌঁছে দেওয়া হবে।"
রাত পৌনে ১০টায় রিজভী বলেন, "তদন্ত কমিটির কাছে ফ্যাক্সে প্রতিবেদন পাঠিয়ে দেওয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২১৪০ ঘ.
bdnews24