ব্রাহ্মণবাড়িয়া, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সপ্তাহ ধরে বিদ্যুৎহীন সরাইল উপজেলার চারটি গ্রাম এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করার পর বিদ্যুৎ পেয়েছে।
চার গ্রামের ক্ষুব্ধ বাসিন্দারা বুধবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে।
কুট্টাপাড়া এলাকায় সড়কে গাছ ফেলে এলাকাবাসী এ অবরোধ সৃষ্টি করে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়। অবরোধের কারণে মহাসড়কের উভয়পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
সরাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদ সাংবাদিকদের বলেন, বিদ্যুৎ সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে জনতা দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেয়।
সরাইলের কুট্টাপাড়া এলাকার লোকমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৭ দিন ধরে উপজেলার কুট্টাপাড়া, শাহবাজপুর, ইসলামাবাদ ও দেউড়া গ্রামের কয়েক হাজার গ্রাহক বিদ্যুৎ পাচ্ছিলো না।
কুট্টাপাড়া এলাকার মাহবুবুর রহমান জানান, অবরোধ তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই চারটি গ্রামে বিদ্যুৎ চলে আসে।
এ বিষয়ে সরাইল উপজেলার বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী মো. শাহ আলমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৪০০ ঘ.
bdnews24