২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজম খানকে দেখে এলেন রাষ্ট্রপতি

ক্যান্সারাক্রান্ত আজম খানকে দেখে এসেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। পপগুরু এখন স্কয়ার হাসপাতালে লাইফসাপোর্টে রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 07:21 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যান্সারাক্রান্ত আজম খানকে দেখে এসেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। পপগুরু এখন স্কয়ার হাসপাতালে লাইফসাপোর্টে রয়েছেন। আজম খানের মেয়ে ইমা খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে যান রাষ্ট্রপতি। তিনি ফুল ও ফল নিয়ে গিয়েছিলেন। আজম খানকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তরে পদক্ষেপ নিতে রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানান ইমা। আর তাতে রাষ্ট্রপতি সাড়া দিয়েছেন বলে জানান তিনি। এদিকে স্কয়ার হাসপাতালে আজম খানের চিকিৎসক কামরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পপগুরুর অবস্থার অবনতি হয়েছে। আজম খানের শারীরিক অবস্থার উন্নতির কোনো আশা দিতে পারছেন না তার চিকিৎসার জন্য গঠিত সাত সদস্যের মেডিকেল বোর্ড। ক্যান্সার বিশেষজ্ঞ কামরুজ্জামান মঙ্গলবার বলেন, "চেস্ট রেডিওগ্রাফে দেখা গেছে, তার দুই ফুসফুসের ৭৫ শতাংশেই ক্যান্সার ছড়িয়ে পড়েছে।" তিনি জানান, আজম খানের রক্তচাপ সোমবারই খানিকটা নিয়ন্ত্রণে এসেছে। ওষুধ ছাড়াই স্বাভাবিক রক্ত সঞ্চালন বজায় রয়েছে তার শরীরে। চেতনাও ফিরেছে খানিকটা। "কিন্তু লাইফ সাপোর্ট খুলে নেওয়ার জন্য এটা যথেষ্ট নয়। এই স্টেজ থেকে ফিরে আসা খুব কঠিন।" শরীরের বিভিন্ন অংশে ক্যান্সার ছড়িয়ে পড়ায় গত শুক্রবার আজম খানের অবস্থার অবনতি ঘটে। সে দিন থেকেই স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে বাংলাদেশে পপ সঙ্গীতের এই অগ্রপথিককে। ব্যান্ড দল উচ্চারণ গড়ার মধ্য দিয়ে সঙ্গীতাঙ্গনে আত্মপ্রকাশকারী আজম খানের মুখগহ্বরের ২০১০ সালে ক্যান্সার ধরা পড়ে। এ জন্য দুবার তাকে সিঙ্গাপুরে নিয়েও চিকিৎসা করানো হয়। তবে গত নভেম্বরে সিঙ্গাপুরে শেষ বারের চিকিৎসা সম্পূর্ণ না করেই আজম খান ফিরে আসেন বলে ডা. কামরুজ্জামান জানান। ১৯৫০ সালের ২৮ ফেব্র"য়ারি ঢাকার আজিমপুরে জন্ম নেওয়া মাহবুবুল হক খান সঙ্গীতাঙ্গনে পরিচিত হয়ে ওঠেন আজম খান নামে। ২১ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া এ সঙ্গীত শিল্পী স্বাধীনতা পরবর্তী সময়ে গঠন করেন ব্যান্ড দল 'উচ্চারণ'। বাংলাদেশ টেলিভিশনে তার প্রথম কনসার্ট প্রচারিত হয় ১৯৭২ সালে। ১৯৭৪-৭৫ সালে বাংলাদেশ টেলিভিশনে 'রেললাইনের ওই বস্তিতে' গেয়ে স্থান করে নেন বাংলার মানুষর হৃদয়ে। বাংলাদেশে পপ সঙ্গীতের জনপ্রিয়তা আজম খানের হাত ধরেই। দেশে এ জগতে কিংবদন্তী মনে করা হয় তাকে। আজম খানের কণ্ঠে 'ওরে সালেকা, ওরো মালেকা', 'আলাল ও দুলাল', 'অনামিকা', 'অভিমানী, 'আসি আসি বলে' গানগুলো এখনো ফেরে মানুষের মুখে মুখে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এমআই/১৩২০ ঘ.