সুনামগঞ্জ, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের পিটিআই শিক্ষার্থী অনামিকা দাসের মৃত্যুর ঘটনায় একটি ধর্ষণ ও হত্যা মামলা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন অনামিকার বাবা সুবল দাস।
এ মামলায় আসামি হলেন- সুনামগঞ্জ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউটের (পিটিআই) সুপার মো. আবুল কাসেম মিয়া।
পুলিশ আবুল কাসেম মিয়াকে আটক করেছে।
সুনামগঞ্জের পুলিশ সুপারিনটেনডেন্ট গোলাম কিবরিয়া জানান, জিজ্ঞাসাবাদের জন্য সুপার মো. আবুল কাসেম মিয়াকে আটক করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, আবুল কাসেম মিয়া প্রায়ই অনামিকাকে উত্ত্যক্ত করতেন। আবুল কাসেম মিয়া গত শুক্রবার রাতে অনামিকাকে ধর্ষণ করে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখেন।
গত শনিবার সকালে হলে অনামিকার কক্ষ বন্ধ দেখে অনেক্ষণ ডাকাডাকি করেও না খোলায় পিটিআই কর্তৃপক্ষ পুলিশকে জানায়।
সুনামগঞ্জ সদর থানা পুলিশ অনামিকার কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৯ ঘ.
bdnews24