২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রনিক ট্রেন চালুর পরিকল্পনা

যোগাযোগমন্ত্রী বলেছেন, ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে করিডোরে ইলেকট্রনিক ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা সরকারের রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 12:40 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগমন্ত্রী বলেছেন, ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে করিডোরে ইলেকট্রনিক ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা সরকারের রয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে এ কথা বলেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য এম আব্দুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে করিডোরে ইলেকট্রিক ট্রাকশন প্রবর্তনের জন্য মোট ব্যয় ধরা হয়েছে সাত হাজার নয়শ ৯৬ দশমিক ৫০ কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক সাহায্য প্রয়োজন ছয় হাজার ছয় হাজার একশ ৪০ দশমিক ২০ কোটি টাকা। এ বৈদেশিক অর্থ সংগ্রহে প্রিলিমিনারি ডেভলপমেন্ট প্রজেক্ট প্রফর্মা/প্রপোজাল (ডিপিপিপি) ফর এইডেড প্রজেক্টস প্রণয়ন করে ২০০৯ সালের ১০ ডিসেম্বর পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। গত বছর ২৬ এপ্রিল পিডিপিপি নীতিগতভাবে অনুমোদনের অনুরোধ করায় পুনরায় পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। আবুল হোসেন জানান, বিনিয়োগ প্রকল্পের অর্থায়নের চুক্তি সম্পাদন এবং ডিপিপি অনুমোদনের পর বাস্তবায়ন কাজ আরম্ভ সম্ভব হবে। সংসদ সদস্য মো. মতিউর রহমানের এক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী জানান, পদ্মা সেতু নির্মাণে বর্তমানে ঠিকাদার নিয়োগের কার্যক্রম চলছে। ঠিকাদার নিয়োগ চূড়ান্ত করে ২-৩ মাসের মধ্যে কাজ শুরু হবে। তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদে ২০১৩ সালের মধ্যে মূল সেতু ও উভয় পাশের সংযোগ সড়ক নির্মাণের কাজ শেষ করার জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। তারানা হালিমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাস, টেম্পো ও কাভার্ড ভ্যানসহ সব যানবাহনের নির্দিষ্টস্থানে চালকের ছবি ও নাম বাধ্যতামূলকভাবে প্রদর্শনের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। এএম মাহবুব উদ্দিন খোকনের প্রশ্নের জবাবে আবুল হোসেন জানান, রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলে ১২৫৪ দশমিক ৯৫ একর রেলভূমি সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও সংস্থা এবং ৩৩৫৬ দশমিক ৩৮২৪ একর বেসরকারি ব্যক্তি/প্রতিষ্ঠানের অবৈধ দখলে রয়েছে। বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা অবৈধ দখল মুক্ত করার লক্ষ্যে উচ্ছেদ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানান মন্ত্রী। বিকাল সোয়া ৫টার দিকে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/পিডি/১৮৩৮ ঘ.