২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজারীবাগে জোড়া খুনের মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

জমি নিয়ে বিরোধের জের ধরে হাজারীবাগে জোড়া খুনের মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড ও চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 12:39 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জের ধরে হাজারীবাগে জোড়া খুনের মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড ও চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকার এক নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক শাহেদ নূরউদ্দিন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. নাসির (২৬) এবং ইয়াসিন (২৮)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- হাজী জমিরউদ্দিন ওরফে টিল্লু হাজী (৬০), তার ছেলে আহাম্মদ (৩২) ও মো. আলী (৩০) এবং মেয়ের জামাই মো. মুসলিম (৩৮)। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন জনকে খালাস দেওয়া হয়েছে। তারা হলেন-আ. রহমান, মাবিয়া খাতুন ও টিল্লু হাজীর নাতনি সুমি। মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১ জুন হাজারীবাগের চরওয়াশপুর গ্রামে টিল্লু হাজীর জমির ওপর সরকারি কালভার্ট নির্মাণ করতে গেলে ঠিকাদার মনির এবং আলমের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে টিল্লু হাজী ও মুসলিমের নির্দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ঠিকাদারদেরকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। এর কিছুক্ষণ পর তারা ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আলমের ভাই মো. আলতাব হোসেন ওইদিনই হাজারীবাগ থানায় নয়জনের বিরুদ্ধে মামলা করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ কৌঁসুলি আবু আব্দুল্লাহ ভুঞা। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসান তারিক ও সাদেকুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/আরএ/১৮২৬ ঘ.