২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়কের ভাগ্য নির্ধারণ সংসদে: সুরঞ্জিত

তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি না, তা সংসদেই চূড়ান্ত হবে জানিয়ে বিরোধী দলকে এ বিষয়ে মতামত দেওয়ার আহ্বান জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 07:17 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি না, তা সংসদেই চূড়ান্ত হবে জানিয়ে বিরোধী দলকে এ বিষয়ে মতামত দেওয়ার আহ্বান জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি মঙ্গলবার সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, "আদালতের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই। যে ব্যবস্থা নেই তা রাখার সুপারিশ করে কোনো বিতর্কে যাবে না কমিটি।" সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্যরা জানান, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বহাল রাখার সুপারিশ তারা করছেন না; যদিও বিএনপি ঘোষণা দিয়েছে, তত্ত্বাবধায়ক সরকার না থাকলে নির্বাচনে যাবে না তারা। বিএনপিকে কমিটির কাছে তাদের মতামত তুলে ধরার আহ্বান জানান কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত। তিনি বলেন, তারা আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে মত দিলে তা বিবেচনায় নেওয়া হবে। কমিটিতে মতামত তুলে ধরতে বিএনপি কতদিন সময় পাচ্ছে- জানতে চাওয়া হলে সুরঞ্জিত বলেন, দ্রুত দিতে হবে। সংসদে দরকারি দল ও বিরোধী দলের সমঝোতার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের নিয়ে সঙ্কটের সমাধান হতে পারে বলে মনে করেন তিনি। সংবিধান সংশোধন কমিটির ডাকে সাড়া না দিয়ে তাদের সঙ্গে বৈঠকে বসেনি বিএনপি। সংসদের চলতি অধিবেশনে কমিটির প্রতিবেদন উপস্থাপনের কথা থাকলেও এখন পর্যন্ত অধিবেশনে যোগ দেয়নি বিরোধী দল। "আমরা দেখলাম, বিরোধী দল রায়ের (আদালতের) পর বিকল্প মডেল না দিয়ে, দায়িত্বশীল ভূমিকা পালন না করে রায়কে প্রত্যাখ্যান করে দেশকে অনিশ্চয়তায় ঠেলে দিয়েছে। আদালতের রায় মানতেই হবে। এটা কোনো ট্রেড ইউনিয়ন না। বিরোধী দল রায় মানে না, নির্বাচন কমিশন মানে না, প্রধান বিচারপতি মানে না। তাহলে কাকে মানেন- এটাও বলে না", বলেন সুরঞ্জিত। তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার সুপারিশ না করার বিষয়ে কমিটির অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অগণতান্ত্রিক ও সাময়িক। এ জন্যই আদালত তা বাতিল করেছে। যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিলো, তাতে কতগুলো গুরুতর দুর্বলতা ছিল। এ কারণে ২০০৬ সালে গণতান্ত্রিক ব্যবস্থাও ভেঙে পড়ে। আওয়ামী লীগের দাবিতেই ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হয় তত্ত্বাবধায়ত সরকার ব্যবস্থা। এ মাসেই সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। তবে আগামী দুটি নির্বাচন এ ব্যবস্থায় করা যেতে পারে বলে রায়ে বলা হয়েছে। সুরঞ্জিত বলেন, আদালতের রায়ের আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার পক্ষে প্রধানমন্ত্রীসহ বিশেষ কমিটির অবস্থান ছিলো। ওই পদ্ধতির বিকল্প মডেল খোঁজা হচ্ছিলো। কিন্তু আদালত ওই ব্যবস্থাকে অবৈধ ঘোষণার পর আর তত্ত্বাবধায়ক সরকার নেই। কমিটি এ বিষয়ে রাজনৈতিক সমঝোতার জন্য বিরোধী দলকে বারবার ডেকেছিলো বলে জানান তিনি। এতে সাড়া না পেয়ে হতাশাও প্রকাশ করেন তিনি। সুরঞ্জিত বলেন, "বিরোধী দলের জন্য অপেক্ষা করা হয়েছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে সাংবিধানিকভাবে সামঞ্জস্যপূর্ণ কোনো প্রস্তাব আসে কিনা। তারা মত দেননি, কমিটিতে আসেননি, সংসদেও আসেননি। "এ অবস্থায় কমিটি বিবেচনা করেছে- কোনো একটা মডেল দিলেও তা তারা মানবে না। এজন্যে সামগ্রিক বিষয়ে সংসদের ওপর ছেড়ে দিয়েছি আমরা।" বিরোধী দল কোনো বিকল্প প্রস্তাব না দিয়ে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেন সুরঞ্জিত। তিনি জানান, বিশেষ কমিটি শিগগিরই তাদের প্রতিবেদন সংসদে উপস্থাপন করবে। গত বছরের ২১ জুলাই সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের এ কমিটি গঠন করা হয়। এ পর্যন্ত ২৭টি বৈঠক করেছেন কমিটির সদস্যরা। রাজনৈতিক দল ছাড়াও সাবেক প্রধান বিচারপতি, আইনজ্ঞ, বিশিষ্টজন, সম্পাদকদের মতামত নিয়েছে কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৪৪৩ ঘ.