চট্টগ্রাম, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ১০০ কেজি গাঁজাসহ মো. পারভেজ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে নগরীর ডবলমুরিং থানাধীন সিডিএ ১১ নম্বর সড়ক থেকে পারভেজকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি বন্দর থানাধীন ফকিরহাটে। বাবার নাম মো. ইব্রাহিম।
গাঁজা বহনকারী একটি মাইক্রোবাসও আটক করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মোহম্মদ আলী মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ পারভেজকে গ্রেপ্তার করে।
এই ঘটনায় ডবলমুরিং থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৩০২ ঘ.
bdnews24