ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তামাক সেবন ও ব্যবসার লাগাম টেনে ধরতে আগের আইন সংশোধন করে কঠোর তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
খসড়া প্রণয়নের দায়িত্বে থাকা যুগ্ম সচিব আজম-ই-সাদাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বাস্থ্যমন্ত্রী ওই খসড়ায় স্বাক্ষর করেছেন। এখন অধিকতর পর্যালোচনার জন্য এটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
খসড়ায় জর্দা, সাদা পাতা ও গুলকে তামাকজাত পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া সিগারেটের প্যাকেটের পঞ্চাশভাগ জুড়ে তামাক সেবনে স্বাস্থ্য ঝুঁকির উপদেশমূলক কথা ছাপানো বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে।
আইনটি কার্যকর হলে রেস্টুরেন্টে তামাক সেবনে নিষেধাজ্ঞার পাশাপাশি শুল্কমুক্ত দোকানো 'শুল্কমুক্ত' সিগারেট বিক্রি করা আইনত অপরাধ হিসেবে গণ্য হবে।
এর বাইরে ১৮ বছরের কম বয়সীদের কাছে সিগারেট কেনাবেচা করা যাবে না।
পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে ধূমপায়ীদের দুই-তৃতীয়াংশই ১৭ বছরে পা রাখার আগেই ধূমপানে আসক্ত হয়ে পড়ে।
আইনভঙ্গকারীর জরিমানার হারও বাড়ানো হয়েছে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়ায়।
এতে বলা হয়েছে, ব্যক্তি পর্যায়ে আইনভঙ্গের জরিমানা ৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। কোম্পানি পর্যায়ে এই জরিমানার হার হবে ১০ লাখ টাকা।
তামাকবিরোধীরা বলছেন, আইনটি কার্যকর হলে এটি হবে একটি অনন্য আইন।
বাংলাদেশ তামাক নিয়ন্ত্রণ জোটের সদস্য সচিব ইকবাল মাসুদ বলেন, ধূমপান এবং তামাক উৎপাদিত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন-২০০৫ এ যুবকদের ধূমপানের অভ্যাস ত্যাগ এবং ধূমপায়ীদের সাহায্য না করার বিষয়টি রয়েছে।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে দুই কোটি ৫৯ লাখ মানুষ জর্দা, সাদা পাতা ও গুলের মতো ধোঁয়াহীন তামাক সেবন করে। তবে ২০০৫ সালের আইনে এ তামাকজাত পণ্য অন্তর্ভুক্ত ছিলো না।
এখন সিগারেটের প্যকেটে সতর্কবার্তা থাকলেও সচিত্র সতর্কবার্তা না থাকাও বিদ্যমান আইনের একটি দুর্বল দিক বলে মনে করেন তামাকবিরোধী আন্দোলনে সম্পৃক্ত তাইফুর রহমান।
"সিগারেটের প্যাকেটের ৫০ ভাগ জুড়ে যদি সচিত্র সতর্কবার্তা থাকে, তাহলে ধূমপান অনেকাংশে কমে যাবে।"
ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) একটি সমীক্ষা অনুযায়ী সিগারেটের প্যাকেটে সচিত্র সতর্কবার্তা তামাক ব্যবহারে মানুষকে অনুৎসাহিত করে।
তাইফুর বলেন, "২০০৫ এর আইনে কর্মস্থলে ধূমপানের জন্য আলাদা স্থানের সুযোগ রাখা হয়েছে। আর এভাবে ধূমপানমুক্ত পরিবেশ তৈরি হবে না।"
দেশে ১৫ বছরের বেশি বয়সী ৪৫ শতাংশ মানুষ পরোক্ষ ধূমপানের স্বীকার- এ তথ্য জানিয়ে তিনি বলেন, যা সরাসরি ধূমপানের মতোই ক্ষতিকর।
তামাকসেবীদের ওপর বিশ্বব্যাপী ২০০৯ সালে চালানো এক জরিপে দেখা যায়, বাংলাদেশে চার কোটি ১৩ লাখ মানুষ ধূমপান এবং ধোঁয়াবিহীন তামাক সেবন করে। ২০০৭ সালে এ সংখ্যা ছিলো প্রায় তিন কোটি ২৩ লাখ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিওএইচও) হিসেবে, ধূমপানের কারণে বাংলাদেশে বছরে ৫৭ হাজার মানুষের মৃত্যু হয় এবং তিন লাখ ৮২ হাজার মানুষ অক্ষম হয়ে পড়ে। এ জন্য তামাক নিয়ন্ত্রণ আরো কঠোর করতে মত দেয় সংস্থাটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএল/পিডি/২২৫১ ঘ.
bdnews24