চট্টগ্রাম, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পচা-বাসী খাবার তৈরি ও সরবরাহের অপরাধে চট্টগ্রামে কয়েকটি রেস্টুরেন্টকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম রেজাউর রহমানের নেতৃত্বে এই অভিযান হয়। অভিযানে র্যাব, পুলিশ ও বিএসটিআই'র সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।
জুবিলী রোডের তাইওয়া রেষ্টুরেন্টকে ১০ হাজার টাকা, হোটেল আল ফয়সালকে ১০ হাজার টাকা, কাজীর দেউরী মোড়ের আনোয়ারা হোটেল ১৫ হাজার টাকা, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ক্যান্টিনকে প্রত্যেকটিকে পাঁচ হাজার টাকা, একই এলাকার মুসলিম হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউর রহমান সাংবাদিকদের জানান, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রাখা ও রান্না এবং পচা-বাসী খাবার তৈরি ও পরিবেশনের দায়ে এসব হোটেলকে জরিমানা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০৪৫ ঘ.
bdnews24