২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যালটি হজযাত্রীদের জন্য বাড়িভাড়া হয়েছে

সরকারি ব্যবস্থাপনার (ব্যালটি) হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় বাড়িভাড়া নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 01:45 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি ব্যবস্থাপনার (ব্যালটি) হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় বাড়িভাড়া নেওয়া হয়েছে। বাড়িভাড়া সংক্রান্ত কমিটির প্রধান ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব কামালউদ্দিন আহমেদ সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একথা জানান। তিনি জানান, মক্কায় ৭ হাজার জনের আবাসনসহ অন্য সুবিধা সম্বলিত ১৩টি বাড়ি বা হোটেল ভাড়া করা হয়েছে। এজন্য ভাড়া বাবদ জনপ্রতি খরচ পড়বে ১ লাখ নয় হাজার থেকে ১ লাখ ৪৭ হাজার টাকা। গত ৫ মে কামালউদ্দিন আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল বাড়িভাড়া নিতে সৌদি আরব যায়। যুগ্মসচিব জানান, মক্কার মতো হাজীদের থাকার জন্য মদিনাতেও পর্যাপ্ত সংখ্যক বাড়িভাড়া করা হয়েছে। এখানে জনপ্রতি ভাড়া পড়েছে সাড়ে ১১ হাজার টাকা। "মক্কার বাড়িগুলো হারাম শরিফের ৪৫০ থেকে ১২০০ মিটারের মধ্যে। আর মদিনার বাড়িগুলো মসজিদে নববীর ৩০ থেকে ৭০০ মিটারের মধ্যে।" এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২০ হাজার জন হজে যেতে পারেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সুযোগ পাবেন ২০ হাজার জন। বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের বাড়ি ভাড়া করার জন্য হজ এজেন্সিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান কামালউদ্দিন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার হজযাত্রীদের কাছ থেকে বাড়ি ভাড়া বাবদ জনপ্রতি পাঁচ হাজার রিয়েল নেওয়া হচ্ছে। বেচে যাওয়া অর্থ সৌদি আরবেই ফেরত দেওয়া হবে। এ সময় অন্যদের মধ্যে হজ কর্মকর্তা বজলুল হক বিশ্বাস ও বাড়িভাড়া কমিটির সদস্য ও উপসচিব (হজ) জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৯৪৩ ঘ.