২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদ, হরতালের হুমকি

ঢাকা-নারায়ণগঞ্জ রুটসহ জেলার বিভিন্ন সড়কে 'অযৌক্তিক' বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম নামের একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 01:21 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

নারায়ণগঞ্জ, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-নারায়ণগঞ্জ রুটসহ জেলার বিভিন্ন সড়কে 'অযৌক্তিক' বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম নামের একটি সংগঠন। সোমবার বিকালে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফোরাম আয়োজিত এক সমাবেশে বক্তারা বলেন, আগামী তিনদিনের মধ্যে বর্ধিত বাসভাড়া প্রত্যাহার করা না হলে হরতাল কর্মসূচি দেওয়া হবে। তারা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ১৬ টাকায় বিআরটিসি বাস চালুরও দাবি জানান। সংগঠনটির আহবায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, জাসদ নেতা মোহর আলী চৌধুরী, কৃষক লীগ নেতা রোকনউদ্দিন আহম্মেদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি'র দুলাল সাহা, শ্রমিক নেতা মাহবুবু রহমান ইসমাইল, হিমাংশু সাহা, সাংস্কৃতিক জোটের ভবানী শংকর রায়, ন্যাপের আওলাদ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটের দূরত্ব বেশি দেখিয়ে পরিবহন মালিক ও বিআরটিএ'র যোগসাজশে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। প্রশাসন যাত্রীদের অধিকার সংরক্ষণ না করে, পরিবহন মালিকদের স্বর্থ রক্ষা করছে। ঢাকা-নারায়ণগঞ্জ ২৪ টাকা এবং নারায়ণগঞ্জ-চিটাগাং রোড ভাড়া ১৪ টাকার অধিক কোনোভাবেই তারা মানবেন না বলে জানিয়ে দেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৫ ঘ.