ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েনিাটফোর ডটকম)- বাজেটে বিড়ি-সিগারেটসহ সব ধরনের তামাকজাত পণ্যের ওপর চড়া হারে কর আরোপের দাবি জানিয়েছে গণমাধ্যম কর্মীদের নতুন সংগঠন অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স- 'আত্মা'।
৩১ মে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটেতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
এতে লিখিত বক্তব্য পড়ে শোনান আত্মার আহ্বাবায়ক রুহুল আমিন রুশদ ।
রুহুল আমিন বলেন, কর বাড়ানোর মাধ্যমে সিগারেট বিড়িসহ তামাক পণ্যের মূল্য শতকরা ১০ ভাগ বাড়ালে সর্বনিু শতকরা ৩ এবং সর্বোচ্চ ৬ ভাগ ব্যবহার কমবে। এতে তরুণ ছেলে মেয়েরার নতুন করে তামাক সেবন করবে না আর দরিদ্র তামাকসেবীরা ছাড়তে বাধ্য হবেন। পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বাড়বে।
ফ্রেম ওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোলের (এফসিটিসি) আলোকে আরো কার্যকর তামাক নিয়ন্ত্রণ আইনের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
বক্তারা বলেন, বর্তমান আইনে জর্দা, গুল, সাদাপাতাসহ ধোঁয়াহীন তামাককে তামাকজাতপণ্য হিসাবে বিবেচনা করা হয়নি। এসব তামাকজাতপণ্য ব্যবহারের হার ধোঁয়াযুক্ত তামাকের চেয়ে বেশি।
পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে প্রাপ্তবয়স্ক ২৭ শতাংশ ধোঁয়াহীন এবং ২৩ শতাংশ ধোঁয়াযুক্ত তামাক সেবন করে।
তামাকপণ্যের মোড়কে 'লাইট', 'আল্ট্রা লাইট', মাইল্ড এ ধরনের শব্দ ব্যবহারকে সুচতুর প্রচারণা হিসেবে তুলে ধরে আত্মার আহবায়ক বলেন, এসব কৌশল আইনের মাধ্যমে বন্ধ করতে হবে। কেননা সব ধরনের তামাকপণ্যই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন রুহুল ও ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস্ এর মিডিয়া অ্যান্ড অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর তাইফুর রহমান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. অনু হোসেন, নাদিরা কিরণ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর রডটকম/এলএইচ/এএল/১৮৫৮ ঘ.
bdnews24