বাগেরহাট, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ভাইকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. বেলায়েতুল্লাহ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ইলিয়াস শেখ পলাতক। তার বাড়ি উপজেলার চন্ডীপুর গ্রামে।
সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) কাজী মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ১৯৯৯ সালের ২৩ মার্চ ইলিয়াস তার ছোট ভাই শেখ ওলিউর রহমানকে পিটিয়ে হত্যা করে।
ওইদিনই নিহতের অপর ভাই আব্দুর রব শেখ মোরেলগঞ্জ থানায় ইলিয়াসকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
ওই বছরের ৯ অগাস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। আদালত ২০০৪ সালে এই মামলায় ইলিয়াসকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়।
এপিপি জানান, এরপর আসামি পক্ষ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে। ২০০৮ সালে উচ্চ আদালত মামলাটি পুনর্বিবেচনার জন্য বাগেরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে পাঠায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭২৭ ঘ.
bdnews24