২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূ হত্যা মামলায় চাঁদপুরে দুই জনের মৃত্যুদণ্ড

চাঁদপুরের হাইমচরে গৃহবধূকে অপহরণ করে ধর্ষণ ও হত্যার দায়ে দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 10:40 AM

Updated : 24 Aug 2022, 03:10 PM

চাঁদপুর, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাইমচরে গৃহবধূকে অপহরণ করে ধর্ষণ ও হত্যার দায়ে দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে আসামিদের উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোতাহির আলী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শরীয়তপুর জেলার ঘোসাইরহাট এলাকার আবুল কালাম (৪০) ও চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ঈশানবালা এলাকার শাহ আলম (৩৮)। এছাড়া অপর দুই আসামি ঈশানবালার হায়াত উল্যা ও একই এলাকার এনায়েত উল্যাহ খালাস পেয়েছেন। এদের মধ্যে এনায়েত উল্যা ছাড়া অন্যরা জামিনে ছিলেন। মামলার নথি থেকে জানা গেছে, ১৯৯৯ সালের ২২ জুলাই রাতে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ঈশানবালা চর থেকে আব্দুল মান্নানের স্ত্রী শেফালী বেগমকে (২৫) অপহরণ করা হয়। এরপর ওই ইউনিয়নের ঈশানবালার একটি চরে নিয়ে ধর্ষণ শেষে হত্যা করে দুর্বৃত্তরা। ঈশানবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় বলেও নথিতে উল্লেখ রয়েছে। শেফালী বেগমের বাবার বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার কান্দিরটেক গ্রামে। চাঁদপুরের অতিরিক্ত পিপি সায়েদুল ইসলাম সাংবাদিকদের জানান, ওই ঘটনায় একই বছরের ২৫ জুলাই নীলকমল নৌ-ফাঁড়ির তৎকালীন ইনচার্জ শাহজাহান খান বাদী হয়ে হাইমচর থানায় ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলাটি থানা ও ডিবি পুলিশের হাত ঘুরে তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ। ২০০৪ সালের ৩০ সেপ্টেম্বর চাঁদপুর সিআইডির পরিদর্শক অরুণ দত্ত আদালতে অভিযোগপত্র দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৬২৭ ঘ.