সুবীর ভৌমিক
ভারত প্রতিনিধি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পানি, বাণিজ্য এবং সীমান্ত ও সমুদ্রসীমা নিয়ে ভারতের সঙ্গে সমস্যার সমাধান শিগগিরই হওয়ার আশা করছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস।
"এ সব বিষয় সমাধানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সমাধানের পথ খুঁজে বের করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি, এ বছর ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরের সময়েই আমরা কিছু বিষয়ে মতৈক্যে পৌঁছতে পারবো", বলেন তিনি।
মনমোহন সিংয়ের সফরে বাংলাদেশের প্রত্যাশা কী থাকবে- এ প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব এ কথা বলেন।
ভারতের সঙ্গে অমীমাংসিত বিষয়ের মধ্যে তিস্তার পানিবণ্টনকেই এ মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।
মিজারুল বলেন, "যৌথ নদীগুলো বিশেষ করে তিস্তার পানি বন্টনের বিষয়টিতে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। এছাড়া এলডিসি দেশ হিসেবে ভারতের বাজারে সর্বোচ্চ সংখ্যক পণ্যের প্রবেশাধিকার চাইবো আমরা। আমাদের মধ্যকার সীমান্ত সমস্যার সমাধান হওয়া প্রয়োজন। আর দুই দেশের স্বার্থেই সমুদ্র সীমার নিষ্পত্তি হওয়া উচিত ন্যায্যতাভিত্তিক (প্রিন্সিপাল অফ ইকুয়িটি) পদ্ধতিতে।"
সমুদ্র সীমার নিষ্পত্তিতে বাংলাদেশ জাতিসংঘ সালিশ আদালতে গেলেও দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এর সমাধানের পথ খোলা রয়েছে, বলেন তিনি।
প্রতিবেশীদের বাণিজ্য সুবিধা দেওয়া এবং বৃহৎ ভারতের উন্নয়নের অংশীদার বলে বিভিন্ন সময়ে মনমোহন সিংয়ের বক্তব্য এলেও ভারতের বাজার বাংলাদেশি পণ্যের জন্য ততটা উদার হয়নি।
২০০৯-২০১০ অর্থবছরে বাংলাদেশ ভারতে রপ্তানি করেছে ৩০৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। অন্যদিকে ভারত থেকে আমদানি হয়েছে ৩ হাজার ২১৩ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য।
পররাষ্ট্র সচিব বলেন, তবে এখন জয়েন্ট সার্টিফিকেশনের বিষয়ে বড় ধরনের অগ্রগতি হয়েছে। ফলে বাংলাদেশের পণ্যের ভারতে প্রবেশ সহজ হবে।
বিভিন্ন বিষয়ে বাংলাদেশের চাওয়াগুলোকে কিছু দেওয়ার বিনিময়ে দর কষাকষি বলে মনে করেন না মিজারুল। প্রতিদান চাওয়ার এ ধারাটির বিপরীতেই তার অবস্থান।
মিজারুল বলেন, "ভারতের সঙ্গে ভৌগোলিক এবং সংস্কৃতিগতভাবে আমরা মিশে আছি, আমাদের বন্ধন খুবই গভীর। বন্ধুসুলভ প্রতিবেশী হিসেবে আমাদের একটি ন্যায়সঙ্গত প্রত্যাশা রয়েছে ভারতের কাছে। এবং আমি নিশ্চিত যে, বর্তমান সময়ে দিল্লি এ বিষয়ে অতীতের চেয়ে অনেক বেশি সচেতন।"
আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দমনে ভারত বাংলাদেশের বেশ সহায়তা পেয়েছিলো বলে মনে করা হয়। বিশ্লেষকরা বলেন, এ কারণেই গত এপ্রিলে আসামে প্রথমবারের মত সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়েছে।
পররাষ্ট্র সচিব বলেন, সন্ত্রাসের বিষয়ে বাংলাদেশ কোনো ছাড় দেবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৩৩০ ঘ.
bdnews24