ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয় দিন বিরতির পর সংসদের নবম অধিবেশন সোমবার বিকালে আবার শুরু হচ্ছে। এ অধিবেশনে বিরোধী দলের যোগদান এখনো অনিশ্চিত।
নবম জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হয় গত ২২ মে। একদিন বাদেই অধিবেশন মুলতবি হয়। এ অধিবেশনেই ৯ জুন আগামী অর্থবছরের বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী।
এছাড়া সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির খসড়া প্রস্তাবও বিল আকারে সংসদে ওঠার কথা এ অধিবেশনেই।
টানা ৭৪ কার্যদিবস অনুপস্থিত থাকার পর বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলের সাংসদরা গত মার্চে অষ্টম অধিবেশনে সংসদে যোগ দেন। কিন্তু ২৪ মার্চ ওই অধিবেশনের শেষ দিনেও ওয়াক আউট করেন তারা।
নবম অধিবেশনের প্রথম দুই দিন বিএনপি সংসদে যায়নি। সংসদে বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক ইতোপূর্বে জানিয়েছিলেন, এ অধিবেশনে তারা যোগ দেবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে খালেদা জিয়া বিদেশ থেকে ফেরার পর।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে রোববারই দেশে ফেরেন বিরোধীদলীয় নেতা। এ অধিবেশনে এখনো দেখা যায়নি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। অধিবেশন শুরুর সময় তিনিও বিদেশে ছিলেন।
সংসদের চলতি অধিবেশন জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছেন চিফ হুইপ আব্দুস শহীদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১০২৫ ঘ.
bdnews24