২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার কবরে খালেদার শ্রদ্ধা

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 04:17 AM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সোমবার দলের প্রতিষ্ঠাতা জিয়ার ৩০তম মৃত্যুবার্ষিকী পালন করছে বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো। রাষ্ট্রপতি থাকা অবস্থায় ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে এক দল সেনার গুলিতে নিহত হন জিয়া। বিএনপি এ দিনকে তার 'শাহাদত দিবস' হিসেবে পালন করে। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভবনে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। উত্তোলন করা হয় জাতীয় ও কালো পতাকা। খালেদা জিয়া বেলা সাড়ে ১২টায় দলীয় নেতাদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়ার কবরে ফুল দেন। ওই সময় এক মিনিট নিরবতা পালন করে জিয়ার প্রতি শ্রদ্ধা জানান তিনি। কবর প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন খালেদা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, এমকে আনোয়ার, আসম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী, সাদেক হোসেন খোকা, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, ইনাম আহমদ চৌধুরী, কামাল ইবনে ইউসুফ, আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ইলিয়াস আলী, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকসহ নেতারা এ সময় সেখানে ছিলেন। খালেদা জিয়ার পর মহানগর বিএনপি, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, ড্যাব, এ্যাব, ওলামা দল, ছাত্রদল, সম্মিলিত পেশাজীবী পরিষদসহ বিভিন্ন সহযোগী ও পেশাজীবী সংগঠন জিয়ার কবরে ফুল দেয়। সেখানে ড্যাব আয়োজিত রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন খালেদা জিয়া। জিয়ার কবরে ফুল দেওয়ার পর বিরোধী দলীয় নেতা বেলা ১টার দিকে মোহাম্মদপুর টাউন হলে মহানগর বিএনপি আয়োজিত দুস্থদের মধ্যে খাবার বিতরণের চার দিনের কর্মসূচি উদ্বোধন করেন। সোমবার রাজধানীর ১৫টি স্থানে দুস্থদের মধ্যে খাবার বিতরণে অংশ নেবেন খালেদা। মোহাম্মদপুর, ধানমণ্ডি, কলা বাগান, জিগাতলা, নিউ মার্কেট, লালবাগ, হাজারীবাগ ও কামরাঙ্গীরচরের বিভিন্ন স্থানে খাবার বিতরণ করা হবে। মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চারদিন দুস্থদের মাঝে মধ্যে খাবার বিতরণ করা হবে। মঙ্গলবার সকালে তেজগাঁওয়ের আরজত পাড়ায় শাহীনবাগ মাঠ থেকে দ্বিতীয় দিন খাবার বিতরণ শুরু হবে। খালেদা জিয়া এদিন ৫৬টি স্থানে খাবার বিতরণে অংশ নেবেন। তেজগাঁও, রমনা, কাফরুল, পল্লবী, ক্যান্টনমেন্ট, মিরপুর, আদাবর, গুলশান, বাড্ডা ও উত্তরার বিভিন্ন স্থানে এদিন খাবার বিতরণ করা হবে। বুধবার মতিঝিল, সবুজবাগ, খিলগাঁও, রমনা, কোতোয়ালি ও সূত্রাপুরের মোট ৪৬টি স্থানে এবং শেষ দিন বৃহস্পতিবার ডেমরা, শ্যামপুর ও সূত্রাপুরের ২৫টি স্থানে খাবার বিতরণ হবে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজধানীর মতো সারাদেশে দোয়া মাহফিল, আলোচনা সভা, দুস্থদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচির মাধ্যমে জিয়ার মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে। ঢাকার মতো চট্টগ্রামেও জিয়ার মৃত্যুবার্ষিকী পালন করেছে বিএনপি। তবে কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমান ও চট্টগ্রাম বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারীরা আলাদাভাবে কর্মসূচি পালন করে। সকালে নোমানের অনুসারীরা নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম কবরে ফুল দেন। আমীর খসরু মাহমুদ চৌধুরী ও তার অনুসারীদের নিয়ে দুপুরে রাঙ্গুনিয়ায় যান। ১৯৮১ সালে মৃত্যুর পর জিয়াকে প্রথমে রাঙ্গুনিয়ায় কবর দেওয়া হয়। পরে তার কবর স্থানান্তর হয় ঢাকার শেরেবাংলা নগরে। নগর বিএনপি বিকাল ৩টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা করবে। অন্যদিকে নোমানপক্ষের নেতাকর্মীরা মঙ্গলবার বিকালে নগরীর একটি কমিউিনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করছে। এছাড়া চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং বিভিন্ন সহযোগী সংগঠন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া মুক্তিযুদ্ধের অন্যতম সমর নায়ক। তবে সামরিক শাসন জারি এবং মুক্তিযুদ্ধবিরোধীদের পুনর্বাসিত করার জন্য সমালোচিত তিনি। ১৯৭১ সালের ২৭ মার্চ তৎকালীন মেজর জিয়া চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতা যুদ্ধের ঘোষণাপত্র পাঠ করে জাতিকে অনুপ্রাণিত করেন। সেক্টর কমান্ডার এবং 'জেড' ফোর্স'র অধিনায়ক জিয়া ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর রাজনৈতিক পটপরিবর্তনে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। ১৯৭৭ সালের ২১ এপ্রিল প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে জিয়া রাষ্ট্রক্ষমতা নেন। নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন ১৯৭৮ সালের ২১ এপ্রিল। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রক্ষমতায় থেকে তিনি জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন। জিয়ার মৃত্যুর পর তার স্ত্রী খালেদা দলের হাল ধরেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমসি/এএইচ/এমআই/১৪৪৫ ঘ.