ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশের সব পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে নেবে মালদ্বীপ।
রোববার মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ নাসিমের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষার বিষয়ে একটি সমঝোতা স্মারকে সই করেন দুই মন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে দীপু মনি বলেন, বাংলাদেশের সব পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের পাশাপাশি বিভিন্ন পণ্য আমদানিতে আগ্রহ দেখিয়েছে মালদ্বীপ। বিশেষ করে বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল পণ্য আমদানি করতে চায় তারা।
মালদ্বীপে বাংলাদেশের রপ্তানি আয়ের পরিমাণ বছরে ১ মিলিয়ন ডলারের কম।
সার্কভুক্ত দেশ মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের স্বার্থ রক্ষায় সমঝোতা স্মরকে স্বাক্ষরের কথা জানিয়ে দীপু মনি বলেন, "বাংলাদেশি নাগরিকরা সেখানে যেসব সমস্যার মুখে পড়ছেন, এই সমঝোতার ফলে তা দূর করা সহজ হবে।"
আহমেদ নাসিম সংবাদ সম্মেলনে জানান, বর্তমানে প্রায় ৭০ হাজার বাংলাদেশি মালদ্বীপে বিভিন্ন খাতে কাজ করছেন। এর মধ্যে ১২ হাজার শ্রমিক নিবন্ধিত।
তিনি বলেন, "যতো দ্রুত সম্ভব সব বিদেশি শ্রমিককে নিবন্ধিত করার চেষ্টা করছি আমরা। তাছাড়া তাদের ন্যূনতম বেতন নিশ্চিত করার জন্য একটি আইনও করা হচ্ছে।"
দীপু মনি জানান, বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্সসহ দক্ষ কর্মী নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ। পাশাপাশি বিচার বিভাগের সংস্কারেও বাংলাদেশের সহযোগিতা চেয়েছে তারা।
"স্বাস্থ্য ও বিচার বিভাগের জন্য বাংলাদেশের সহায়তা চেয়েছে মালদ্বীপ। আমরা তাদের ইতিবাচক সাড়া দিয়েছি।"
মালদ্বীপের বিচার বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীদের বাংলাদেশ প্রশিক্ষণ দিতে পারে বলেও উল্লেখ করেন দীপু মনি।
নাসিম বলেন, বাংলাদে যেমন মালদ্বীপের বিচার বিভাগের দক্ষতা উন্নয়নে সহায়তা করতে পারে, তেমনি মালদ্বীপ পর্যটন খাতের বিকাশে বাংলাদেশকে সাহায্য করতে পারে।
"একটি বাণিজ্য ও পর্যটন প্রতিনিধি দল আমার সঙ্গে এসেছেন। ব্যবসা ও বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখতে কাল (সোমবার) আমরা কক্সবাজারে যাচ্ছি।"
শ্রীলঙ্কার মানবাধিকার পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রী বলেন, কলম্বোকে আরো সময় দেওয়া প্রয়োজন।
"সবাইকে বুঝতে হবে যে, গত ৩৫ বছরে ভয়ঙ্কর যুদ্ধের মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের। এই অবস্থায় শ্রীলঙ্কার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলে তা আরো ক্ষতিকর হবে।"
ফিলিস্তিন প্রসঙ্গে আহমেদ নাসিম বলেন, "তারা আর কতোকাল অস্থায়ী ক্যাম্পে থাকবে? এ সমস্যার সামাধান হতেই হবে।"
মালদ্বীপের প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে শনিবার বাংলাদেশে পৌঁছান আহমেদ নাসিম। বাংলাদেশ থেকে বালু আমদানির বিষয়ে রোববার দুপুরে ভূমি মন্ত্রী মো. রেজাউল করিম হীরার সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠকের পর হীরা জানান, বালু আমদানির বিষয়টি চূড়ান্ত করতে মালদ্বীপের একটি বিশেষজ্ঞ দল দুই সপ্তাহের মধ্যে ঢাকা আসছে।
ভূমি সচিব মো. মোখলেছুর রহমান জানান, মালদ্বীপে বছরে চার লাখ টন বালু প্রয়োজন। এর মধ্যে তিন লাখ টন তারা ভারত থেকে আমদানি করছে। বাকি এক লাখ টন বাংলাদেশ থেকে আমদানির চিন্তাভাবনা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/২২৪৮ ঘ.
bdnews24