চট্টগ্রাম, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর সাড়ে তিনশ' কিলোমিটার সড়কে সৌর বিদ্যুতের বাতি জ্বালানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মাধ্যমে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
রোববার সকালে নগর ভবনে এশীয় উন্নয়ন ব্যাংকের পরামর্শকদের সঙ্গে মেয়র এম মনজুর আলমের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সিসিসি'র জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, "জরিপ শেষে প্রকল্পটি বাস্তবায়নে সিসিসি ও পিডিবির মধ্যে শিগগির চুক্তি হবে। প্রকল্পটি বাস্তবায়নে প্রাথমিকভাবে ৫০ কোটি টাকা ঋণ দেবে এডিবি।"
এ টাকায় নগরীর প্রায় ৩৫০ কিলোমিটার সড়কে সৌর বিদ্যুতের ব্যবস্থা করা সম্ভব বলে জানান তিনি।
এ প্রকল্পের আওতায় থাকা উল্লেখযোগ্য সড়কগুলো হলো- এয়ারপোর্ট থেকে কালুর ঘাট ব্রিজ, কর্ণফুলী ব্রিজ থেকে বহদ্দারহাট, নিমতলী থেকে সিটি গেইট, জিইসি মোড় থেকে এ কে খান, দেওয়ানহাট মোড় থেকে নিউমার্কেট এবং সংশ্লিষ্ট অন্যান্য সড়ক।
চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন মহাসড়ক, সড়ক ও অলিগলিতে সিটি করপোরেশনের তত্ত্বাবধানে প্রায় ৩০ হাজার সড়কবাতি রয়েছে। সড়কবাতি খাতে প্রতিবছর সিসিসির আড়াই কোটি টাকা ব্যয় হয়।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এডিবি'র কনসালটেন্ট এ এন এম রিজোয়ান, প্রকৌশলী এবিএম হারুনুর রশীদ, প্রকল্প ম্যানেজার সাজ্জাদ হোসেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী নজরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হেলাল উদ্দিন, সিসিসি'র বিদ্যুৎ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর গিয়াসউদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুর ই এলাহী ও প্রধান রাজস্ব কর্মকর্তা দীপক চক্রবর্তী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএল/২০০৭ ঘ.
bdnews24