সিরাজগঞ্জ, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়ায় অ্যানথ্রাক্স আক্রান্ত আরো সাত জনকে সনাক্ত করা হয়েছে। এ নিয়ে গত তিন দিনে সনাক্ত হয়েছে মোট ৩১ জন।
সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার এই সাত জনকে সনাক্ত করা হয়। গত ২১ মে শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের কুঠিবাড়ী গ্রামের বাসিন্দা চাঁদ আলীর একটি ছাগল অসুস্থ হলে সেটি জবাই করে গ্রামে মাংস ভাগাভাগি করে নেয় হয়। যারা এই মাংস কাটাকাটি ও পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত ছিল তাদের মধ্যে কুঠিবাড়ী গ্রামের চাঁদ আলী (৫৫), তরিকুল ইসলাম (২২), হোসেন আলী (৪৫) অ্যানথ্রাক্স আক্রান্ত হন।
অন্যদিকে একই উপজেলার সরাতৈল গ্রামের শিশু বায়েজিদ (৮) এ রোগে আক্রান্ত হয়েছে। আক্রান্তদেরকে রোববার দুপুরে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
অপরদিকে, সিরাজগঞ্জের স্যানিটারি ইন্সপেক্টর রামচন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহজাদপুর উপজেলার চকহরিপুর গ্রামে হেলাল উদ্দিন (৩৪), উল্লাপাড়া উপজেলার নাদা গ্রামে জোসনা খাতুন ও আলেয়া বেগম নামের আরো ৩ জন অ্যানথ্রাক্স রোগী সনাক্ত করা হয়েছে।
সিভিল সার্জন ডা. নিজাম উদ্দিন আরো জানান, আক্রান্ত এলাকার গবাদিপশু গুলোকে প্রতিশেধকের আওতায় আনা হচ্ছে। এ পর্যন্ত কোন জীবিত পশুর শরীরে অ্যানথ্রাক্স সনাক্ত করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮৩৪ ঘ.
bdnews24