ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, অডিটের ক্ষেত্রে নৈতিকতার কোনো বিকল্প নেই। একটি প্রতিষ্ঠানের বার্ষিক অর্র্থনৈতিক বিবৃতির উপর অনেককিছুই নির্ভরশীল।
শুধু আইন দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করা যায় না।
শনিবার বিকালে ইনস্টিটিউট অব চার্টার্ড এ্যাকাউনটেন্ট অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত 'প্রফেশনাল ইথিকস, কনফ্লিকটস এন্ড অডিটরস' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইসিএবি মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।
আইনমন্ত্রী বলেন, একজন অডিটর বা হিসাব নিরীক্ষকের নৈতিকতা শুধু নিরীক্ষিত তথ্যর যথার্থ উপস্থাপনের উপরই নির্ভর করে না। এখানে বোঝাপড়ারও কিছু থাকে যা একটা ধারাবাহিক চর্চার ভিতর দিয়ে অর্জিত হয়।
সমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হদা ভাসী চৌধুরী এন্ড কোম্পানির পরিচালক চার্টার্ড এ্যাকাউনট্যান্ট সাব্বির আহমেদ।
আইসিএবি'র বর্তমান সভাপতি পারভীন মাহমুদ তার স্বাগত বক্তব্যে বলেন, বার্ষিক আর্থিক প্রতিবেদন দেখেই শেয়ারহোল্ডার এবং অন্যান্য বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নেন তারা বিনিয়োগ করবেন কিনা। সুতরাং এখানে নৈতিকতার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ন।
সেমিনারে আরো বক্তব্য রাখেন আইসিএবির কাউন্সিল মেম্বার এবং প্রাক্তন সভাপতি এ এস এম নাঈম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/কেএমএস/২২২৭ ঘ.
bdnews24