২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনামসজিদ বন্দরে আমদানি রপ্তানি বন্ধ

ভারতীয় এক ট্রাক চালককে মারধরের জের ধরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2011, 11:46 AM

Updated : 24 Aug 2022, 03:09 PM

চাঁপাইনবাবগঞ্জ, মে ২৮ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় এক ট্রাক চালককে মারধরের জের ধরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। ভারতীয় আমদানি রপ্তানিকারক সমিতি শনিবার সকাল থেকে বন্দরে তাদের কার্যক্রম বন্ধ করে দেয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান সোনামসজিদ-পানামা পোর্ট লিংক লিমিটেডের সহকারী নির্বাহী পরিচালক দেলোয়ার হোসেন সাগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে ভারতীয় ট্রাক চালক বিশু মিয়ার সঙ্গে পানামা পোর্ট লিংক লিমিটেডের কয়েকজন নিরাপত্তা প্রহরীর ট্রাক সরানো নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রহরীরা বিশু মিয়াকে মারধর করে আহত করে। পরে তাকে শিবগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভারতে পাঠানো হয়। এ ঘটনার জেরে পানামা পোর্ট লিংক লিমিটেডের তিনজন নিরাপত্তা প্রহরী কাউসার আলী, ফরিদ উদ্দীন ও জসীম উদ্দীন এবং এমএলএসএস আল আমীনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠিও মোহদীপুর স্থলবন্দর আমদানি রপ্তানিকারক সমিতিকে পাঠানো হয়েছে বলে জানান দোলোয়ার হোসেন। সোনামসজিদ-পানামা পোর্ট লিংক কর্মকর্তা আরো বলেন, শনিবার দুপুর আড়াইটায় দিকে সীমান্তের জিরো পয়েন্টে দুই পক্ষের মধ্যে বৈঠকও হয়। তবে বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৩৮ ঘ.