২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার-আশুলিয়ায় ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট

ঢাকার সাভার ও আশুলিয়ায় দুটি ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা লুটে নিয়েছে প্রায় ১৫ লাখ টাকার মালামাল। তাদের হামলায় আহত হয়েছে ৩ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2011, 11:34 AM

Updated : 24 Aug 2022, 03:09 PM

সাভার, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভার ও আশুলিয়ায় দুটি ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা লুটে নিয়েছে প্রায় ১৫ লাখ টাকার মালামাল। তাদের হামলায় আহত হয়েছে ৩ জন। শুক্রবার গভীর রাতে আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকায় ইউনাইটেড রটো স্পিন লিমিটেড নামের সুতা তৈরির একটি কারখানায় ও সাভারের পশ্চিম রাজাশন এলাকায় প্রবাসী আজিজুল হকের বাড়িতে এ ডাকাতি হয়। ইউনাইটেড রটো স্পিন লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) মো. নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গভীর রাত আনুমানিক আড়াইটার দিকে ৩০/৩৫ জনের একদল ডাকাত অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে কারখানার ভিতরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে নৈশপ্রহরীসহ কয়েকজনের হাত পা-বেঁধে ফেলে। এরপর ডাকাতরা ৪৭ বস্তা রোল সূতা, মোবাইল ফোন সেটসহ মূল্যবান মালামাল লুটে নেয়। ডাকাতরা কারখানার ভিতরে ঘণ্টাব্যাপী তাণ্ডব চালানোর পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তিনি জানান, ডাকাতদের হামলায় কারখানার নৈশপ্রহরী শাহাদাৎ হোসেন, সুপারভাইজার সাইফুল ইসলাম, সহকারী রপ্তানী কর্মকর্তা আব্দুর রশিদ আহত হয়। একপর্যায়ে এক শ্রমিক লোহার রড দিয়ে এক ডাকাতের মাথায় সজোরে আঘাত করলে তার মাথা ফেটে যায়। এরপর ডাকাতরা তাদের আহত সদস্যকে নিয়ে দ্রুত জাহিদ ট্রান্সপোর্ট লেখা কার্গোযোগে পালিয়ে যায়। লুটে নেয়া মালামালের মূল্য ৮ লক্ষাধিক টাকা বলে তিনি জানান। এ প্রসঙ্গে আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাটি ডাকাতি না চুরি তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে কারখানা কর্তৃপক্ষ যে অভিযোগ দেবে তা মামলা হিসেবে নথিভূক্ত করা হবে। এদিকে সাভারে রাজাশন এলাকায় প্রবাসী আজিজুল হকের বাড়িতে ডাকাতি হয়। আজিজুলের বড় ভাই জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত আনুমানিক ৩টার দিকে ১০/১২ জনের মুখোশ পরিহিত একদল ডাকাত একতলা ভবনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢোকে। তারা আজিজুল স্ত্রী রওশন আক্তার ও মেয়ে তানিয়া আক্তারের (১২) হাত, মুখ বেধে আলমারী থেকে ১৬ ভরি স্বর্ণের গহনা, নগদ ৩৫ হাজার টাকা ও মূল্যবান সামগ্রীসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুটে নিয়ে পালিয়ে যায়। জয়নাল জানান, সকালে পুলিশ এসে 'আমরা মামলা করবো না' মর্মে লেখা একটি কাগজে সই নিয়ে গেছে। এ প্রসঙ্গে ঢাকা জেলা সহকারী পুলিশ সুপার (সাভার মডেল থানা) শাহজাহান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এটা ডাকাতি নয়, ঘটনা চুরির। তবে তারা মামলা করবে না বলে লিখিত দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭৩৩ ঘ.