প্রকাশ বিশ্বাস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০২ সালের ২ অগাস্ট রাজধানীর দক্ষিণ মুগদাপাড়ার এক গৃহবধূ সবুজবাগ থানায় ১০ জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পুলিশ ওই বছরের ৩১ ডিসেম্বর ছয় জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়।
২০০৩ সালের ৭ সেপ্টেম্বর মামলায় ছয় জনের বিরুদ্ধেই অভিযোগ গঠন হয় ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে। কিন্তু সাক্ষ্য গ্রহণেই আটকে আছে এ মামলা, বিচার হয়নি আট বছরেও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানে দেখা যায়, ৪৪টি তারিখ পার হলেও বাদিনী আদালতে এসে সাক্ষ্য দেননি। বাদিনীসহ এ মামলার অন্য সাক্ষীদের ঠিকানায় সমন, গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও এখন পর্যন্ত এক জন চিকিৎসক বাদে কারো সাক্ষ্য পাওয়া যায়নি।
আর কোনো সাক্ষ্য পাওয়ার সম্ভাবনা নেই জানিয়ে মামলায় অভিযুক্তদের অন্যতম মেজবাউল ইসলাম তুহিনের আইনজীবী খালাস পাওয়ার আবেদন করেছেন। তবে তার সুরাহা এখনো হয়নি।
পুলিশের উপমহাপরিদর্শক(ডিআইজি) আনিসুর রহমান দম্পতির বিরুদ্ধে পাচারের জন্য জমজ সাত শিশু রাখার অভিযোগে মানাবাধিকারকর্মী এলিনা খানের দায়ের করা মামলা ২০০৭ সালের ৬ ফেব্র"য়ারি ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের তৎকালীন বিচারক সামসুল ইসলাম আমলে নেন। কিন্তু এরপর পাঁচ বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি বিচার।
নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ১৮০ কার্যদিবসে বিচারকাজ শেষ করার বিধান থাকলেও এভাবে দিনের পর দিন আটকে আছে বহু মামলা। নির্ধারিত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি না হওয়ার কারণ সুপ্রিম কোর্টকে জানানোর বিধান থাকলেও তা মানছেন না বলেই অভিযোগ।
এতে বিচারপ্রার্থীরা একদিকে আদালতে ভোগান্তিতে পড়ছেন, আবার বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিচার শেষ না করায় পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া হবে, তার কোনো স্পষ্ট নির্দেশনাও মিলছে না।
বছরের পর বছর বিষয়গুলো নিয়ে সরকার, বিচার বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ এবং মানবাধিকার সংগঠনগুলো আলোচনা করলেও সমস্যার সমাধান হয়নি। তাই বিচারের সময় বেঁধে দেওয়ার এ বিধানটি পরিবর্তন করার পক্ষে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর অনুসন্ধানে দেখা যায়, ঢাকার পাঁচটি নারী ও শিশু নির্যাতন দমন আদালতে প্রায় ৯ হাজার মামলা বিচারধীন। শুধু ২ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে প্রায় ১ হাজার মামলা ১০ বছর পুরনো।
নারী ও শিশু নির্যাতনমূলক অপরাধ কঠোরভাবে দমনের জন্য ১৯৮৩ সালে নারীর প্রতি নিষ্ঠুরতা (নিবর্তনমূলক শাস্তি) অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশটি কার্যকর হয় ওই বছরেরই ৩ অক্টোবর।
পরে আরো কঠোর বিধান প্রণয়নের লক্ষ্যে এ অধ্যাদেশটি বাতিল করে ১৯৯৫ সালে নারী ও শিশু নির্যাতন (বিশেষ বিধান) আইন প্রণয়ন হয়। ২০০০ সালে ১৯৯৫ সালের ওই আইন বাতিল করে একই নামে অন্য আরেকটি আইন পাস হয়। পরে এ আইনটিও সংশোধনের মাধ্যমে ২০০৩ সালে 'নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন ) আইন' প্রণীত হয়।
২০০৩ সালে সংশোধিত এ আইনটির '৩১(ক)' ধারায় বলা হয়েছে, বেঁধে দেওয়া সময়ের মধ্যে মামলার বিচার না হলে তার কারণ লিখে একটি প্রতিবেদন ৩০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টে দাখিল করতে হবে, যার একটি অনুলিপি সরকারের কাছেও পাঠাতে হবে। কর্তৃপক্ষ প্রতিবেদন পর্যালোচনার পর দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন।
কিন্তু এ বিষয়গুলো না মানার বিষয়ে ঢাকার বিচারিক আদালতে ফৌজদারি মামলার কৌঁসুলি আমিনুল গনি টিটো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বইয়ে লেখা এক, বাস্তবতা আরেক। ধরেই নেওয়া হয়, এ বিধান নির্দেশনামূলক, বাধ্যতামূলক নয়।
"যে কারণে দেশের কোনো আদালতেই ১৮০ দিনের মধ্যে এ ধরনের কোনো মামলার নিষ্পত্তি হয় না। এ বিষয়ে বিচারকদের জবাবদিহি করার নজিরও চোখে পড়ে না", বলেন তিনি।
ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি মোহাম্মদ ফোরকান মিয়া বিচারের জন্য ১৮০ দিন সময় বেঁধে দেওয়ার বিরুদ্ধে তার মত প্রকাশ করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইনের এ ধারাটি তুলে দেওয়া উচিত। কারণ কারো পক্ষেই এ সময়সীমার মধ্যে বিচার শেষ করা সম্ভব নয়। তাই আমরা কেউই এ আইনের অনেক বিধানই মানতে পারি না।"
২ নম্বর দ্রুত বিচার আদালতের পেশকার মো. আমজাদ হোসেন বলেন, "বিচারকরা মাঝে মধ্যে বিষয়টি খেয়াল করলেও রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা সাক্ষী আনার জন্য বারবার সময় নেন। তাই মামলাগুলো নিষ্পত্তির মুখ দেখে না।"
নারী ও শিশু নির্যাতন আইনে অনেক 'মিথ্যা' মামলাও হয় বলে দাবি করলেন অনেক আইনজীবী।
এ সংক্রান্ত অনেক মামলা পরিচালনাকারী আইনজীবী বদিউল ইসলাম তপাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ আইনে দায়ের করা অধিকাংশ মামলা মিথ্যা। কিন্তু মিথ্যা মামলার শাস্তি নেই। এ আইনের ১৭ ধারায় মিথ্যা মামলা দায়েরকারীর বিরুদ্ধে শাস্তির বিধান রয়েছে। কিন্তু এ পর্যন্ত ঢাকার আদালতে মাত্র আট থেকে ১০টি মামলায় বাদির শাস্তি হয়েছে।"
আমিনুল গনি বলেন, "এটা ঠিক যে অপহরণ ও যৌতুকের কারণে, মারধর ও যৌতুকের কারণে, হত্যার অপরাধের এ আইনের ৭ এবং ১১ (খ) ও (গ) ধারার মামলার অধিকাংশই মিথ্যা। সুতরাং ওই অপরাধের মামলাগুলো আমলে নিতে বিচারকদের যে পরিমাণ যত
bdnews24