২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিতলমারীতে জমি নিয়ে সংঘর্ষে আহত ২৫

বাগেরহাটের চিতলমারীতে বিরোধপূর্ণ জমিতে ধান রোপণ করাকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃত ২৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2011, 10:50 AM

Updated : 24 Aug 2022, 03:09 PM

বাগেরহাট, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের চিতলমারীতে বিরোধপূর্ণ জমিতে ধান রোপণ করাকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃত ২৫ জন আহত হয়েছে। শনিবার ভোরে চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের বাদামতলা গ্রামে এই সংঘর্ষ ঘটে। আহতদের মধ্যে উত্তম ঢালী (৪০), গৌতম ঢালী (৩০), নরত্তম (২২), সৌমেন (২৪) ও সমরেশ (২২), আশু গাইন (২৬), রাজেন (৪৫), দিনেশ (৪৫), নরেন (৫০), গৃহবধু বিনা রাণী (৪৭), নিতাই (৩৫), অনিতা (৩৫), অনন্ত (৬৫), কৃষ্ণ (২৮), সুখ (১৫), কর্ণ (৩৫), দীপক (২২), বাসুদেব (৪০), সবুজ (২২), মিলন (২৪), ভবতোষ (২২), সজল (১৭) ও মিনতিকে (৫০) চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। চিতলমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন শনিবার দুপুরে এই প্রতিবেদককে মুঠোফোনে বলেন, বাদামতলা গ্রামের বিনয় গাইন ও সুভাস ঢালীর মধ্যে ৪৮ কাঠা কৃষি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শনিবার ভোরে সুভাস তার লোকজন নিয়ে ওই জমিতে ধান রোপন করতে যায়। সংবাদ পেয়ে বিনয় লোকজন নিয়ে সুভাসের লোকদের বাঁধা দিতে গেলে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় উভয়পক্ষ লাঠিসোটা ও ধারালো অস্ত্র ব্যবহার করে। আহতদের মধ্যে উভয়পক্ষের লোকই রয়েছে। তবে কোন পক্ষের কতজন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬৫১ ঘ.