বরিশাল, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের হিজলা উপজেলায় ইউপি নির্বাচনে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে।
শুক্রবার দুপুরে হিজলা-গৌরবদী ইউনিয়নের চরকিল্লা বাজারে এই সংঘর্ষের সময় দু'পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাংচুর চলে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
আহতদের মধ্যে রয়েছে শহীদ মাতবর, বেল্লাল ঘরামী, সাজেদা বেগম, শিপ্লি বেগম ও তাসলিমা বেগম। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হিজলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন বলেন, দুই চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল গাফফার তালুকদার ও নজরুল ইসলাম চুন্নুর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
সংঘর্ষ থামাতে গিয়ে দুয়েকজন পুলিশও সমান্য আঘাত পেয়েছে বলে জানান তিনি।
হিজলা থানার ওসি রফিকুল হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। চরকিল্লা বাজারে পুলিশ মোতায়েন রয়েছে।
হিজলা-গৌরবদী ইউপি আওয়ামী লীগের সহসভাপতি মো. দেলোয়ার সিকদার জানান, বৃহস্পতিবার রাতে আব্দুল গাফফার তালুকদারের সমর্থক লিটনের চরকিল্লা বাজারের দোকানে ভাংচুর এবং তাকে মারধর করে নজরুল ইসলাম চুন্নুর সমর্থকরা।
এই ঘটনায় শুক্রবার একটি সালিশ হওয়ার কথা ছিলো।
কিন্তু সালিশে বসার আগে দুপুর ১২টার দিকে নজরুল ইসলাম চুন্নুর সমর্থকরা তাকে (দেলোয়ার) এবং তার ছেলে রাসেলকে মারধর করে।
তারা বাজারে দেলোয়ারের তিনটি দোকান ও ঘরে ভাংচুর করেছে বলেও দেলোয়ার অভিযোগ করেন।
তিনি বলেন, তাদের বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১২ ঘ.
bdnews24